• ‘অনিশ্চয়তায় দিন কাটাতে...’, স্বরূপের গ্রেপ্তারি প্রসঙ্গে প্রথম মুখ খুললেন অনির্বাণ
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • টলিউডের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (swarup biswas) জেলবন্দি। তাঁর গ্রেপ্তারিতে যখন ইন্ডাস্ট্রিজুড়ে জোর চর্চা। আর সেই আবহেই বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। গত দু’বছর ধরে ফেডারেশনকে কেন্দ্র করে যে বিতর্ক এবং টানাপড়েন চলেছে, সেখানে অনির্বাণ আলোচনার ভরকেন্দ্রে ছিলেন । তবে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াইকে নিজের একার সংগ্রাম বলে মানতে নারাজ তিনি।

    ২০২৪ সালে টলিপাড়ায় কর্মবিরতি ও ফেডারেশন-সংক্রান্ত বিতর্কের সময় থেকেই অনির্বাণ সরব ছিলেন। সেই সময় তাঁকে কার্যত কোণঠাসা করার অভিযোগও উঠেছিল। তার পরেই জানা যায় ইন্ডাস্ট্রিতে অনির্বাণের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠিক সেই কারণেই হয়তো অভিনয় হোক কিংবা পরিচালনা, মাঝের সময়ে সে ভাবে দেখা যায়নি অনির্বাণকে। চলতি বছরের শুরুতে অভিনেতা দেব প্রকাশ্যে অনির্বাণের হয়ে ক্ষমা চেয়েছিলেন, যাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে তার পরেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি বলে ইন্ডাস্ট্রির অন্দরের খবর।

    বৃহস্পতিবার স্বরূপের গ্রেপ্তারির পরে শুক্রবার শহরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ফেডারেশনের বিরুদ্ধে শেষ পর্যন্ত তিনিই কি একা লড়াই চালিয়ে গিয়েছিলেন? উত্তরে অভিনেতা স্পষ্ট বলেন, 'না না, সেরকম কোনও ব্যাপার নয়। আমি একা না, অনেকেই লড়াই করেছিলেন। অনেকের অনেক ক্ষতিও হয়েছে। আমি তো ইন্ডাস্ট্রির আলোক-উজ্জ্বল দিকের লোক। কিন্তু আলোর বিপরীতে যাঁরা থাকেন, অর্থাৎ টেকনিশিয়ানরা, তাঁরা কিন্তু আয়ের জায়গা থেকে আমাদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন। নানা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে তাঁদের দিন কাটাতে হয়। তাঁরা অনেক বেশি ভুগেছেন।'

    অভিনেতার মতে এই আন্দোলন বা প্রতিবাদ কোনও একক ব্যক্তির ছিল না। বরং ইন্ডাস্ট্রির বহু মানুষ, বিশেষ করে প্রযুক্তিবিদ ও নেপথ্যের কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন বলেই এই বিরোধের সূত্রপাত। অনির্বাণের কথায়, 'স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়েছেন বলে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, তা তো নয়। ঘটনাগুলো আমরা আগে থেকেই জানতাম। সেই জন্যই এত লড়াই শুরু হয়েছিল।' দেব পরিচালিত প্রথম ছবি 'দেশু ৭'-এর হাত ধরে বহুদিন পরে পর্দায় ফিরছেন অনির্বাণ। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।
  • Link to this news (এই সময়)