‘বড় ভাইয়ের শাস্তির অপেক্ষায় রয়েছি...’, একা স্বরূপ নয়, কোন ‘রাঘব বোয়াল’দের গ্রেপ্তারির দাবি লকেটের
এই সময় | ০৬ জুন ২০২৬
দিনকয়েক ধরেই নানা কারণে টালমাটাল টলিপাড়া। বৃহস্পতিবার রাতে তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। যে ঘটনার পড়ে অনেকেই বলেছিলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে’। টলিপাড়ার ফেডারেশন সংগঠনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে কী বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়?
দীর্ঘ বছর ইন্ডাস্ট্রি থেকে দূরে লকেট। তবে স্বরূপ বিশ্বাসকে নিয়ে একাধিক অভিযোগ নজর এড়ায়নি তাঁর। লকেটের কথায়, ‘১২ বছর আগে যে দিন পার্টি থেকে বেরিয়েছিলাম প্রেস কনফারেন্স করেছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস যে ভাবে দু’জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে সবটা শেষ করে দিয়েছে।’
তবে টলিউডের এই অবস্থার জন্য একা স্বরূপ বিশ্বাসকে দায়ী করলেন না লকেট। অভিনেত্রীর কথায়, ‘স্বরূপের সঙ্গে আরও অনেক লোক আছেন, যারা তাঁকে পাত্তা দিতেন, হ্যাঁ-তে হ্যাঁ মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, আর্টিস্টের পেটের ভাত চলে গিয়েছে। আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। তাঁর বড় ভাই তো অপেক্ষায় আছেন। আমরা তাঁর শাস্তিরও প্রতীক্ষায় রয়েছি। কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হন।’
তোলাবাজি, কোনও কারণ ছাড়া ‘ব্যান’ করার পাশাপাশি স্বরূপের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। লকেটের কথায়, ‘সকলেই নিজেদের সম্মান নিয়ে স্টুডিয়োপাড়ায় কাজ করতে আসে, সংসার চালায়। যারা অভিনয় ভালোবাসে, শিল্পসত্ত্বা আছে তারা কাজ করতে আসেন। তারা কাউকে কথা দেয়নি যে নিজেদের কাজ বাঁচিয়ে রাখতে গেলে সম্মান ক্ষুন্ন করতে হবে। এটা কখনওই মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমরা চাই আরও যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে, তাদের নামও প্রকাশ্যে আসুক।’