এই সময়: একটা অত্যন্ত সাদামাঠা জয়ের সেলিব্রশনের ছবি। কিন্তু তা ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কাঠগড়ায় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ও কিশোর ভারতী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা।
কিশোর ভারতীতে ২১ মে রাতে ইন্টার কাশীকে হারিয়ে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল জেতেন লাল হলুদের ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। সঙ্গত কারণেই ম্যাচের পরে ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে বয়ে যায় উচ্ছ্বাসের বন্যা।
মিগুয়েল দেশে ফিরে যাওয়ার পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই সেলিব্রেশনের বেশ কয়েকটা ছবি। যার একটি ছবি ঘিরেই বিতর্ক। দেখা যাচ্ছে, কিশোর ভারতীর সাজঘরে বসে বিয়ার পান করছেন মিগুয়েল। সঙ্গে ড্যানিশ ফুটবলার অ্যান্টন সয়বার্গ। চ্যাম্পিয়ন হলে বিয়ার বা শ্যাম্পেন পান নতুন ঘটনা নয়। কিন্তু আইএসএলের নিয়মাবলিতে পরিষ্কার লেখা আছে, সাজঘর তো বটেই, পুরো স্টেডিয়ামেই হার্ড ড্রিঙ্কস নিষিদ্ধ। কাচের বোতলও আনারও অনুমতি নেই। সাজঘরে ফুটবলারদের জন্য এনার্জি ড্রিঙ্কস, কলা আর ড্রাই ফ্রুটস ছাড়া আর কিছু দেওয়া হয় না। খাবারও ঢোকে না।
এর আগে যুবভারতী বা কিশোর ভারতীতে অনেক টিম চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলার বা কোচেদের মদ্যপানের ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু তা কোনওটাই সাজঘরে নয়। তা ছিল টিম হোটেলে। এ বার কী করে সাজঘরে বিয়ার ঢুকল, প্রশ্ন তা নিয়েই।