• ভেবেছিল বল, আসলে কী নিয়ে খেলছিল শিশুরা? হঠাৎ বিস্ফোরণ! দক্ষিণ ২৪ পরগণায় জখম ৩ শিশু
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • মন্দিরবাজারে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম তিন শিশু। জাম পাড়তে গিয়ে বল ভেবে কুড়িয়ে পাওয়া একটি বোমা নিয়ে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারে।

    ধান্যঘাটা-মল্লিকপাড়া এলাকার এই ঘটনায় আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত শিশুদের নাম হাসিবা খাতুন (১০), কুসুম খাতুন (৭) ও জুলেখা খাতুন (৮)। তারা এলাকার একটি বাগানে জাম পাড়তে গিয়েছিল।

    সেই সময় বাগানের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখে শিশুরা। সেটিকে বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমাটি একসময় হাত থেকে মাটিতে পড়ে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিন শিশুই গুরুতর জখম হয়। পরিবারের সদস্যেরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

    সেখানে হাসিবার অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত  করা হয়। খবর পেয়ে মন্দিরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। এলাকায় আরও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকার কিছু নেতার মদতেই বিভিন্ন জায়গায় বোমা মজুত করে রাখা হয়েছিল। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ইকবাল খান বলেন, “এলাকায় সন্ত্রাসের উদ্দেশ্যে নেতারা বোমা মজুত করে রাখেছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক।”

    ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আইএসএফ নেতা মহাদ্দেসিন মল্লিকের দাবি, “ভোটের সময় বিরোধীদের উপর সন্ত্রাস চালানোর উদ্দেশ্যেই এলাকায় বোমা মজুত রাখা হয়েছিল।” অন্যদিকে বিজেপি নেতা অশোক পুরকাইত বলেন, “এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, তাদের কাউকেই ছাড়া হবে না।”
  • Link to this news (News18 বাংলা)