কল্যাণীতেই হতে চলেছে বিমানবন্দর ! জায়গা চিহ্নিতকরণ হয়েছে, জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
এবার রাজ্য পেতে চলেছে চতুর্থ বিমানবন্দর ! সবকিছু ঠিকঠাক থাকলে কল্যাণীতেই হতে চলেছে পশ্চিমবঙ্গের আরও একটি এয়ারপোর্ট। এমনটাই বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি ইতিমধ্যে এই বিষয়ে কথাও হয়ে গিয়েছে। এর আগে রাজ্যে দমদম এয়ারপোর্ট এরপর বাগডোগরা এবং পরবর্তীতে দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্ট তৈরি করা হয়। তবে কলকাতায় এয়ারপোর্টের ভিড় কমাতে এবার কল্যাণীতেই তৈরি হতে চলেছে রাজ্যের চতুর্থ এয়ারপোর্ট। নদীয়ার হরিণঘাটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন দেশের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এদিন তিনি বলেন, ‘‘আগামী দিনে কল্যাণীতেই বিমানবন্দর হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়ে গিয়েছে এ বিষয়ে। সময় সুযোগ বুঝে তার কর্মকাণ্ড স্থির করা হবে। জায়গা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছে।’’
আরও পড়ুন- রাজ্যের জন্য বুলেট ট্রেনের সঙ্কল্প ! দিল্লি, লখনউ, বারাণসী হয়ে শিলিগুড়ি কানেক্ট করবে, ৬ ঘণ্টার মধ্যেই যাত্রা সম্ভব
কল্যাণীতে রাজ্যের চতুর্থ বিমানবন্দর তৈরি হলে অনেকটাই চাপ কমবে কলকাতা বিমানবন্দরের ৷ এমনটাই মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত দমদমে বিমানের ওঠা নামার প্রচুর চাপ থাকে। অনেক সময় মাঝ আকাশে ট্র্যাফিক লেগে যায়। যেহেতু দমদম এবং কল্যাণীর মধ্যে দূরত্ব খুব বেশি নয়, সেই কারণে কল্যাণী এয়ারপোর্ট চালু হলে অনেক বিমান কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে কল্যাণী থেকে ছাড়া হলে খুব বেশি অসুবিধা হবে না যাত্রীদের। বরং নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং মালদহ এই সমস্ত জেলার বাসিন্দাদেরও বিমান ধরতে আরও সুবিধা হবে। এখন দেখার এই স্বপ্ন কবে বাস্তবায়িত হয়।
আরও পড়ুন– হোটেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রেফতার রাঁধুনি ! দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনায় কী কী তথ্য উঠে এল?
প্রসঙ্গত, বিমানবন্দরের পাশাপাশি রাজ্য সরকার গঙ্গা পক্ষের ওয়াটার মেট্রো চালু করার কথা জানিয়েছে। তবে কোথায় ওয়াটার মেট্রো হবে, সেই জায়গা এখনও ঠিক হয়নি ৷ মনে করা হচ্ছে কলকাতার আশপাশে বিভিন্ন জায়গায় সেটা হতে পারে। কোথায় করলে সুবিধা হয়, এমনকি ওয়াটার মেট্রোর কারণে মৎস্যজীবী মানুষদের যাতে কোনও সমস্যা না হয় সেই হিসেব করেই তৈরি করা হবে ওয়াটার মেট্রোর ব্যবস্থা ৷ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।