• এ বার ট্রেনেই গঙ্গাসাগর? রেলমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে শুরু চর্চা
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • এ বার রেলপথে যুক্ত হতে পারে গঙ্গাসাগর। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে এমনই প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে গঙ্গাসাগরে রেল যোগাযোগের জন‍্য প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী বাজেটেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে পারে রেল।

    প্রতি বছর পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে গঙ্গাসাগরে। শুধুমাত্র গঙ্গাসাগর মেলার সময়েই নয়, বছরের বিভিন্ন সময়েই ভিড় থাকে মানুষের। তবে রেলপথে গঙ্গাসাগর যাওয়ার উপায় নেই। যেতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে কাকদ্বীপ বা নামখানাগামী ট্রেনে উঠতে হয়। নামতে হয় কাকদ্বীপ স্টেশনে।

    সেখান থেকে অটোয় বা টোটোয় চেপে যেতে হয় লট ৮ ঘাটে। সেখান থেকে ভেসেল বা লঞ্চে চেপে যেতে হয় কচুবেড়িয়া। তার পরে আবার বাসে চেপে পৌঁছতে হয় গঙ্গাসাগর।

    সড়কপথে গেলে, কলকাতা থেকে বাস ধরে ডায়মন্ড হারবার রোড হয়ে পৌঁছতে হয় লট ৮ ঘাটের মোড়। সেখান থেকে অটো বা টোটোয় লট ৮ ঘাটে যেতে হয়। তার পরে একই ভাবে লঞ্চ বা ভেসেলে কচুবেড়িয়া পৌঁছে সেখান থেকে বাসে গঙ্গাসাগর।

    যাতায়াতের ঝক্কি অনেকটাই। বিশেষ করে বয়স্ক বা বাচ্চাদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়। তবে এ বার নামখানা বা কাকদ্বীপ হয়ে যাওয়ার দিন শেষ হতে চলেছে। ২০২৭ সালের কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশের আগেই হয়ত এই রেলপথ নিয়ে কাজ শুরু হয়ে যাবে। রেলের মানচিত্রে যুক্ত হবে গঙ্গাসাগর।

    এ দিনের বৈঠকে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বৈঠক শেষে তিনি বলেন, ‘গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এই প্রকল্পের প্রতি মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহ দেখিয়েছেন এবং ভবিষ্যতে এটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিবেচনা করা হবে।’

    এ ছাড়াও বৈঠকে বাগদা থেকে বনগাঁর একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প, আন্ডারপাস নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

  • Link to this news (এই সময়)