• তৃণমূলের তুলকালাম সম্ভাবনার কথা বললেন দিলীপ
    আজকাল | ০৬ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচন পরবর্তী ঝড়ে বিধ্বস্ত তৃণমূল কংগ্রেস এবং দলের নেত্রী মমতা ব্যানার্জি। ঝড় সামলাতে দলের অভ্যন্তরে একাধিক পরিবর্তন করেছেন তৃণমূলনেত্রী। শুক্রবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক আয়োজিত হয়। সেখানেই এই পরিবর্তনগুলি করা হয়েছে। সবচেয়ে আলোচ্য বিষয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জিকে। কিন্তু তিনি এই পদে আর একা নন। তৃণমূলের যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে। এরপরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, একাধারে অভিষেকের ডানা ছাঁটা হয়েছে। তৃণমূলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, তৃণমূলের সবাই অনাথ হয়ে পড়েছেন।

    শনিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “উত্তরপ্রদেশে অখিলেশ যাদব বাবাকে সরিয়ে নিজে দলের শীর্ষে এসেছিলেন। এখানে ভোটের আগে সবাই ভেবেছিলেন এখানেও উত্তরপ্রদেশের সিন হবে। তার বদলে এখানে মহারাষ্ট্রের সিন হয়ে গেছে। ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। সবাই অস্তিত্বের সঙ্কটে ভুগছেন। একটা ছাতা চাই। সবাই অনাথ হয়ে পড়েছেন। কোন ঠাকুরকে ফুল দেবেন বুঝতে পারছেন না। কিন্তু মন্দির ভেঙে পড়েছে। ভগবান কোথায় থাকবেন?”

    শুক্রবার বৈঠকের পরেই দলীয় কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হয়। সুব্রত বক্সীর পরিবর্তে চন্দ্রিমা ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে। সুব্রতকে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বহাল রাখা হয়েছে। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি করা হয়েছে সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না ব্যানার্জি এবং স্বাতী খন্দেকারকে। দলের যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে সায়নী ঘোষকে। মহিলা তৃণমূলের সভাপতি হয়েছেন মালা রায়। ছাত্র পরিষদের সভাপতি করা হয়েছে প্রিয়াঙ্কা অধিকারীকে।
  • Link to this news (আজকাল)