আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজের এক ডাক্তারি ছাত্রের গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ, শনিবার সকালে উত্তর কলকাতার নর্থ পোর্ট থানা এলাকার গোলাবাড়ি ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম সোহম বসাক (২২)। তিনি মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের এমবিবিএস-এর ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মেডিক্যাল কলেজেরই আর এক ছাত্র, তৃতীয় বর্ষের আকাশের সঙ্গে গোলাবাড়ি ঘাটে গিয়েছিলেন সোহম। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুজনে সেখানে স্নান করতে নেমেছিলেন। কিন্তু সোহম সাঁতার জানতেন না। ফলে গঙ্গার জলে নামার পর আচমকাই তিনি খেই হারিয়ে ফেলেন এবং জোয়ারের টানে তলিয়ে যান।
সেই সময় ঘাটেই উপস্থিত ছিলেন আকাশ। সোহমকে ডুবতে দেখে তিনি দূর থেকে চিৎকার করে লোক ডাকার চেষ্টা করলেও, নিজে জলে নামেননি। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ততক্ষণে সোহম জলের তলায় তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নর্থ পোর্ট থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় নদী থেকে সোহমের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বেশ কিছুটা দূরে, এই নির্দিষ্ট ঘাটটিতে কেন তাঁরা দুজনে স্নান করতে এলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি, সোহম সাঁতার না জানা সত্ত্বেও কেন গভীর জলে নামলেন এবং আকাশ কেন দূর থেকে শুধু তা দাঁড়িয়ে দেখলেন, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আকাশকে বর্তমানে নর্থ পোর্ট থানায় আটকে রাখা হয়েছে।
মেডিক্যাল কলেজের এক সহপাঠীর অকালমৃত্যুতে গোটা কলেজ চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। এই বিষয়ে মেডিক্যাল কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক। সোহমের মৃত্যুতে তাঁরা গভীরভাবে মর্মাহত। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং কলেজ কর্তৃপক্ষ আশা রাখছে যে খুব দ্রুত তদন্তের মাধ্যমে আসল সত্যটি সামনে আসবে।