সুরুচি সংঘের বিরুদ্ধে থানায় এফআইআর, জমি দখলের অভিযোগ এলআইসি-র
দৈনিক স্টেটসম্যান | ০৬ জুন ২০২৬
শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই গারদে ঠাঁই হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের। এরই মধ্যে দুই ভাইয়ের বিরুদ্ধে ফের নতুন করে অভিযোগ উঠল। জানা গিয়েছে, শনিবার নিউ আলিপুর থানায় সুরুচি সংঘের বিরুদ্ধে ভারতীয় জীবন বীমা নিগমের কর্তৃপক্ষ এফআইআর দায়ের করেছে।
অভিযোগ, ভারতীয় জীবন বীমা নিগমের ২১ কাঠা জমি জোর করে দখল করে রেখেছে ওই ক্লাব কর্তৃপক্ষ। জানা গিয়েছে, অভিযোগের তির উঠেছে অরূপ ও স্বরূপ বিশ্বাসের দিকে। কারণ ক্লাবের সর্বময় কর্মকর্তা তাঁরাই ছিলেন। অভিযোগ, তাঁদের কথাতেই দক্ষিণ কলকাতার সুরুচি সংঘে একাধিক বেআইনি কাজ চলত।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। নিউ আলিপুর থানায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।
সেইসঙ্গে স্বরূপের বিরুদ্ধে খুনের চেষ্টারও অভিযোগ উঠেছে। শুক্রবার স্বরূপের ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে। আর তারপরেই স্থানীয়রা সুরুচি সংঘের তালা ভেঙে ভিতরে তাণ্ডব চালান।