• নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
    প্রতিদিন | ০৬ জুন ২০২৬
  • পুরুষ ‘লক্ষ্মী’র পর এবার নদিয়ায় দেখা মিলল ‘পুরুষ অন্নপূর্ণা’রও। রাজ্যের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে যখন জেলায় জেলায় উৎসাহ ও আগ্রহ তুঙ্গে। তারই মাঝে নদিয়ায় খোঁজ মিলল ‘পুরুষ অন্নপূর্ণা’র। মহিলাদের জন্য ঘোষিত এই প্রকল্পের টাকা কীভাবে পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    নদিয়ার ভীমপুর থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস। তিনি পেশায় একজন গ্রামীণ চিকিৎসক। তিনি সরকারি বৃদ্ধভাতার সুবিধাও পান। নিয়মমাফিক নিজের বৃদ্ধভাতার টাকা তুলতে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে যান। সেখানে টাকা তোলার সময় তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে বৃদ্ধভাতার টাকার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা খাতে অতিরিক্ত ৩ হাজার টাকা জমা হয়েছে। হতবাক হয়ে যান সঞ্জিতবাবু নিজেই। তাঁর দাবি, তিনি কখনও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেননি। এবং এই প্রকল্পের সুবিধাভোগী হওয়ারও কথা নয়। ফলে কীভাবে তাঁর অ্যাকাউন্টে এই টাকা জমা হল, সে বিষয়ে কোনও তথ্য নেই তাঁর কাছে।

    সঞ্জিত বিশ্বাস বলেন, “আমি বৃদ্ধভাতার টাকা তুলতে গিয়েছিলাম। তখন জানতে পারি আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা এসেছে। আমি বুঝতে পারছি না এই টাকা কীভাবে এল। তাই ওই টাকা আমি তুলি নি। শুধু আমার প্রাপ্য বৃদ্ধভাতার টাকাই তুলেছি।” তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে অবহিত করবেন। পাশাপাশি সরকারি নিয়ম মেনে যদি এই টাকা ভুলবশত তাঁর অ্যাকাউন্টে এসে থাকে, তবে তা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

    উল্লেখ্য, সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পুরুষের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, তথ্যভাণ্ডারের ত্রুটি অথবা অ্যাকাউন্ট সংযুক্তিকরণে গলদের কারণেই এমন ঘটনা ঘটতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, একজন পুরুষের অ্যাকাউন্টে মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পের টাকা জমা পড়ার ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টির দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এটি কি নিছকই প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)