বাংলায় নির্বাচনের আগে ভাঙড়ের বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাই (Saokat Molla) ‘মূল সন্দেহভাজন’। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর, বিস্ফোরণ কাণ্ড তাঁর সঙ্গে কী যোগ তা সবিস্তারে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।
শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি জারি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সেখানে তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রাক্তন বিধায়ক এই মামলার ‘মূল সন্দেহভাজন’। বিবৃতিতে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তাঁকে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, ‘ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক শওকত এই কাণ্ডের হোতা। তিনি বাকিদের পরিচালনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন শওকত।’ তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের। আহত হন আরও বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। অবশেষে গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের দাবি, আত্মসমর্পণ করেছেন তিনি। এবার শওকতকে ঘটনার মূল সন্দেহভাজন বলল এনআইয়ে।