বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
প্রতিদিন | ০৬ জুন ২০২৬
এলআইসির ২১ কাঠা জমি জবরদখল করে সুরুচি সংঘের দুর্গাপুজো করার অভিযোগ উঠেছে বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। নিজেদের সেই জমি পুনরুদ্ধারের জন্য শনিবার আলিপুর থানার দ্বারস্থ হলেন বিমা সংস্থার আধিকারিকরা। এই ঘটনায় সুরুচি সংঘের (Suruchi Sangha) পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সুরুচি সংঘ ক্লাবের উদ্যোগে প্রতিবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। এই পুজো বেশ জনপ্রিয়। সুরুচি সংঘ ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত রয়েছে। ইতিমধ্যেই, হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ স্বরূপকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই সুরুচি সংঘ ক্লাবে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এই আবহে এলআইসির অভিযোগ, বহু বছর ধরে তাদের ২১ কাঠা জমি জবরদখল করে রেখেছে বিশ্বাস ব্রাদার্স। সেই জমিতেই হয় সুরুচি সংঘের দুর্গাপুজো। জমিটি সম্পূর্ণ ঘিরে সেখানে বেআইনিভাবে ক্লাব তৈরির অভিযোগ উঠেছে। এবার সেই জমি পুনরুদ্ধার করতে পুলিশের দ্বারস্থ হলেন বিমা সংস্থার আধিকারিকরা। এই নিয়ে আলিপুর থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা।
এদিন এলআইসির আধিকারিকরা জানান, এর আগে একাধিকবার জমি পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল। এই নিয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছিল এলআইসি। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। জমি ফেরত পায়নি এলআইসি। এই জমিতেই বেআইনি নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বিমা সংস্থার আধিকারিকরা। তিনতলা এই বাড়িতে রয়েছে একাধিক বেডরুম। সম্পূর্ণ বেআইনিভাবে তাদের জমিতে এই ধরনের নির্মাণ হয়েছে বলে জানান এলআইসির আধিকারিকরা।
উল্লেখ্য, বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঘুরপথে এই ক্লাবে সরকারি জিনিসপত্র আমদানি হত বলেও অভিযোগ। ওই ক্লাবঘরের সঙ্গে থাকা আরেকটি ঘরে রাশি রাশি সরকারি জল ‘প্রাণধারা’র বোতল পাওয়া গিয়েছে। এছাড়া ত্রাণ দেওয়ার জন্য রাশি রাশি শাড়িও পাওয়া গিয়েছে। এসব দেখে স্থানীয়রা ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। ক্লাবে বেডরুম থাকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।