• কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
    প্রতিদিন | ০৬ জুন ২০২৬
  • গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার প্রক্রিয়াকে রাজনীতির প্রভাবমুক্ত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে স্ব-সমীক্ষা পদ্ধতি। নবান্ন সূত্রে খবর, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে সেই আবেদন যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে রাজ্য সরকার।

    রাজ্যের তরফে প্রত্যেক জেলার জেলাশাসকদের উদ্দেশে পাঠানো নির্দেশিকায় আবাস যোজনার নতুন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীদের মোবাইল ফোনে ‘আবাসপ্লাস ২০২৪’ ও ‘আধারফেস আরডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপেই আধর ভিত্তিক পরিচয় যাচাই করে মানুষ আবেদন জমা দিতে পারবেন। এই আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সমীক্ষকরা আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন ও আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসেবে যোগ্যতা যাচাই করবেন। যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সমীক্ষকরাই তাঁদের বাড়ি বড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন ও যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন।

    সরকারি নির্দেশ মতো, আবাসের বাড়ির জন্য আবেদনকারীদের তালিকা প্রস্তুতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করা হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্তত ১০ শতাংশ পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের মাধ্যমে পুনরায় যাচাই করতে হবে। পাশাপাশি ৫ শতাংশ ক্ষেত্রে ব্লকস্তরের আধিকারিকদের পৃথক পর্যালোচনা এবং ২ শতাংশ ক্ষেত্রে জেলাস্তরের আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মতে, এই নতুন পদ্ধতি চালু হলে আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা আরও সহজ হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত, ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগও অনেকাংশে কমবে। আগামী মাসের ২০ তারিখের মধ্যেই আবাসের সমীক্ষা ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)