• আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
    প্রতিদিন | ০৬ জুন ২০২৬
  • ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলে শুরু হয়েছে ‘গৃহদাহ’। রাজ্যে বিধানসভায় পরিষদীয় দলের পর এবার সংসদীয় দলে ভাঙন আসন্ন। প্রায় ১৮ জন সাংসদ দল ছাড়তে পারেন বলে খবর। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। আর এই আবহে হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে খবর। আগামী ৮ জুন, সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই হঠাৎ কেন অভিষেকের দিল্লি সফর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই লোকসভায় ‘অপারেশন লোটাস’ শুরু হতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশ ঘটতে পারে। এক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না। সেই সংখ্যা ১৮ বা ১৯। ইতিমধ্যে এই সংখ্যা চূড়ান্ত বলে খবর। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেককে দিল্লি পাঠালেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কি দূত হিসাবে তাঁকে পাঠানো হচ্ছে?

    এদিকে আগামী ৮ জুন, সই জাল বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তা দেয়নি রাজ্যের গোয়েন্দা সংস্থা। স্পষ্ট জানানো হয়েছে, সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে হবে। প্রশ্ন উঠছে, হাজিরা এড়াতেই কি আগেভাগে দিল্লি উড়ে গেলেন তিনি?
  • Link to this news (প্রতিদিন)