শুধু সরকারি বাস নয়, এই টোটোও ফ্রি মহিলাদের জন্য! এক পয়সাও ভাড়া লাগবে না, কোথায় চলছে জানেন?
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
বিনামূল্যে টোটো পরিষেবা, ১ লা জুন থেকেই চালু হয়েছে পরিষেবা! রাজ্যে নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য বড় ঘোষণা, সমস্ত সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন নানাবিধ জন কল্যাণমুখী ঘোষণায় খুশি বাংলার মানুষ। আর সেই খুশিতে সরকারের এই বৃহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে মহিলা এবং স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছেন টোটো চালক রাজেশ মিশ্র।
পেশায় চালক আন্দুলের বাসিন্দা রাজেশ মিশ্র, নির্দিষ্ট সময়ে ডিউটি সেরে গত ৫ বছর তিনি টোটো চালাচ্ছেন। ডিউটির ফাঁকে সকাল বিকেল কয়েক ঘন্টা করে টোটো চালান তার কাজ। পেশায় চালক রাজেশ বাবু স্ত্রী এবং কন্যা, তিনজনের ছোট্ট পরিবার। হাওড়া আন্দুল চত্বরের কয়েক’শ টোটো চালকের মধ্যে তিনি ব্যক্তিগতভাবে, যেন নিজের আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন।
১ জুন থেকে তিনি মহিলা এবং ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে টোটো পরিষেবা দিচ্ছেন। প্রতিদিন ৫০ থেকে ১০০ জন যাত্রী বিনামূল্যে পরিষেবা নিচ্ছেন। রাজেশ বাবু জানিয়েছেন এমন অনেক মহিলা রয়েছেন যারা চাকরিজীবী, তারা স্বেচ্ছায় টাকা দিয়ে পরিষেবা নিচ্ছেন। এই পরিষেবা চালু করার ফলে নিজের আয় কমেছে। তবে সংসারে প্রভাব পড়েনি, ইলেকট্রিক সাপ্লাই অফিসে চালকের কাজ করে যা আয় হয় তাতে সংসারের অধিকাংশ খরচ চলে।
এ প্রসঙ্গে রাজেশ বাবু জানান, গত ৫ বছর আগে শুরু হয়েছিল টোটো চালান । লক্ষ্য ছিল পরিবারের জন্য বাড়তি কিছু আয় করা। তার পাশাপাশি মহিলা এবং ছাত্র-ছাত্রী, বয়স্ক অসহায় মানুষদের সহযোগিতা করা। সেই লক্ষ্যমাত্রা রেখেই পাঁচ বছরে বহু মানুষকে বিনা সহযোগিতা করা হয়েছে। বহু অসহায় মানুষকে বিনামূল্যেই পরিষেবা দিয়েছেন।
এবার তিনি সমস্ত মহিলাদের জন্যই বিনামূল্যে পরিষেবা ঘোষণা করেছেন। টোটো’র সামনে ব্যানারও দিয়েছেন। ‘ মহিলাদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ‘ এবার বাংলায় প্রথম বিজেপি সরকার গঠন করেছে, দারুন আনন্দিত তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু করেছেন। মুখ্যমন্ত্রীকে দেখেই নিজেও মহিলাদের বিনামূল্যে টোটো পরিষেবা শুরু করেছেন। পাশাপাশি ছাত্র-ছাত্রী এবং অসহায় বয়স্ক মানুষের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা দেন তিনি। কয়েকদিনে কয়েকশো মানুষ বিনামূল্যে পরিষেবা নিয়েছেন ইতিমধ্যেই।