• উত্তর ২৪ পরগনায় জোড়া সড়ক দুর্ঘটনা! বাসন্তী হাইওয়ে ও হাড়োয়ায় প্রাণ গেল ২ বাসিন্দার
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • : উত্তর ২৪ পরগনায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু ২, আহত ২। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের, আহত হয়েছেন আরও দুই জন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। একের পর এক সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছেন।

    প্রথম ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়ের বেলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ফুল বিক্রেতা আনন্দ পাল প্রতিদিনের মতো ভোরবেলা ফুল তুলতে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, বাসন্তী হাইওয়েতে দিনদিন পথ দুর্ঘটনা বেড়ে চলেছে। দুর্ঘটনা রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

    অন্যদিকে, হাড়োয়া থানার মল্লিকপুর এলাকায় হাড়োয়া-বেড়াচাঁপা রোডে একটি মোটরবাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও দুই জন আহত হন। স্থানীয়দের দাবি, দ্রুতগতির বাইকটি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহত তিনজনকে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ২০ বছর বয়সি আসানুর নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। পৃথক এই দুই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম না মানার ফলেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)