১১ মাসের অদ্রিতের জীবন বাঁচাতে দরকার ১৬ কোটির ইনজেকশন! বারাসাতের অসহায় মায়ের আকুল আবেদন
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
: ১৬ কোটির ইনজেকশনেই বাঁচতে পারে ১১ মাসের অদ্রিত! সাহায্যের আবেদন অসহায় পরিবারের। বারাসাতের নবপল্লীর মোচপোল এলাকার ১১ মাসের শিশু অদ্রিত নস্করের জীবন এখন যেন সময়ের সঙ্গে লড়াইএ নেমেছে। বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA) টাইপ-২-এ আক্রান্ত এই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১৬ কোটি টাকার একটি বিশেষ ইঞ্জেকশন।
বিপুল এই খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অদ্রিতের বাবা-মা। অদ্রিতের বাবা উজ্জ্বল নস্কর জানান, শিশুটির বয়স যখন মাত্র ৫-৬ মাস, তখনই পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে তার হাত-পা স্বাভাবিকভাবে নড়াচড়া করছে না। কোলে বসানোর চেষ্টা করলেই পড়ে যাচ্ছিল সে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তাঁরা। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে বিরল এই রোগ। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অদ্রিতের চিকিৎসা চলছে।
চিকিৎসকদের মতে, পাঁচ মাসের মধ্যেই ওই ইনজেকশন প্রয়োগ করতে হবে। পরিবারের দাবি, এত অল্প সময়ের মধ্যে ব্যয়বহুল ওই ইনজেকশনের ব্যবস্থা করতে না পারলে শিশুটির জীবন আরও সংকটের মুখে পড়তে পারে। অর্থনৈতিকভাবে সাধারণ পরিবারের পক্ষে ১৬ কোটি টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। তাই সামাজিক মাধ্যমে প্রচার চালানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
ইতিমধ্যেই বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অদ্রিতকে বাঁচানোর এই লড়াইয়ে। চোখে জল নিয়ে অদ্রিতের মা মাম্পি নস্কর বলেন, “আপনারা একটু সাহায্য করুন। আমার ছেলেটা যেন নতুন করে জীবন ফিরে পায়। সবাই পাশে থাকুন।” একটি শিশুর হাসি ফিরিয়ে দিতে এখন সমাজের সহমর্মিতাই ভরসা বারাসাতের এই অসহায় পরিবারের।