দক্ষিণবঙ্গের এসব জেলায় টানা সাত দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৬০ কিমি বেগে ঝড় এবং বজ্রপাত
News18 বাংলা | ০৬ জুন ২০২৬
প্রাক বর্ষার বৃষ্টি চলছে রাজ্যে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে দক্ষিণে গরম এবং অস্বস্তিও থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১০ জুন পর্যন্ত।
দুদিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, ত্রিপুরাতে মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষামঙ্গল শুরু।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামী কয়েক দিন। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও বা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি।
আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যদিও শ্রম এবং মঙ্গলবার সম্ভাবনা কিছুটা কম। তবে ঝড় বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।