• রিলস বানানোর নেশাই ব্রিজ থেকে মহানন্দায় ৪ বন্ধু! নিমেষে শেষ ১, হাসপাতালে বাঁচার লড়াইয়ে ৩
    News18 বাংলা | ০৬ জুন ২০২৬
  • : মোবাইলে রিলস তৈরির নেশা কেড়ে নিল এক তরতাজা যুবকের প্রাণ। ব্রিজের উপর ভিডিও বানানোর সময় পা পিছলে মহানন্দা নদীতে পড়ে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় আহত আরও তিন যুবক। ঘটনাটি ঘটেছে মালদহের পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অর্ক ঘোষ (১৮)। ঘটনায় আহত হয়েছে‌ তাঁর আরও তিন বন্ধু। সকালের বাড়ি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকায়।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্ক তাঁর তিন বন্ধুকে নিয়ে পীরগঞ্জের মহানন্দা ব্রিজে রিলস ভিডিও তৈরি করতে গিয়েছিল। ভিডিও করার সময় অসাবধানতাবশত চারজন‌ বন্ধু ব্রিজ থেকে নদীতে পড়ে যান। নদীর জলে তলিয়ে যেতে থাকলে তাঁরা চিৎকার করে সাহায্য চান। সেই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অর্ক নদীর প্রবল স্রোতে তলিয়ে যান। এরপর কয়েক ঘণ্টার তল্লাশির পর স্থানীয়রা অর্ককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

    ঘটনার প্রত্যক্ষদর্শী মনোরানি নামে এক মহিলা জানান, “জমিতে কাজে যাওয়ার পথে ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ চিৎকার শুনতে পাই। তাকিয়ে দেখি চার যুবক নদীর জলে তলিয়ে যাচ্ছে। এরপর স্থানীয়দের খবর দিলে সবাই মিলে উদ্ধারকাজে নেমে পড়েন। তিনজনকে বাঁচানো গেলেও একজনের মৃত্যু হয়েছে।”

    ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবার ও এলাকাজুড়ে।
  • Link to this news (News18 বাংলা)