রাজ্যে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন নানা অভিযোগে। কখনও তোলাবাজি, কখনও প্রতারণা, কখনও অস্ত্র আইন বা ত্রিপল ও ত্রাণ চুরির অভিযোগ উঠেছে। পুর নিয়োগ মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। গ্রেপ্তার হয়েছেন একাধিক বিধায়ক ও কাউন্সিলার। এ বার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারি, ‘জেলে আর জায়গা থাকবে না।’
ব্যারাকপুরের সাহেববাগানে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই তিনি জানান, তৃণমূলের নেতা-কর্মীদের গ্রেপ্তারি অভিযান সবে শুরু হয়েছে, আগামী দিনে এই অভিযান আরও জোরদার হবে। মন্ত্রীর হুঁশিয়ারি, ‘জেলে আর জায়গা থাকবে না, তাই নতুন জেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। দিলীপ ঘোষের দাবি, অভিযান চালালে আরও বহু অস্ত্র মিলবে। মন্ত্রীর দাবি, এতদিন সাধারণ মানুষ অভিযোগ জানাতে ভয় পেতেন। এখন রাজ্যের পরিবেশ বদলেছে এবং মানুষ সাহস করে অভিযোগ করতে শুরু করেছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বেলডাঙার হিংসার ঘটনায় পুরোনো ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছেন। সেই ঘটনার তদন্ত চলবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেন তিনি।