• ‘উন্নয়ন আটকে রেখেছিল তৃণমূল সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ পরিদর্শনে গিয়ে তোপ রেলমন্ত্রীর
    এই সময় | ০৬ জুন ২০২৬
  • দেড় বছর ধরে প্রশাসনিক জটে আটকে ছিল চিংড়িঘাটায় মেট্রোর কাজ। রাজ্যের পালাবদলের পরে নতুন বিজেপি সরকার এসে ছাড়পত্র দিতেই সেই কাজ পাঁচ দিনের মধ্যে শেষ করে ফেলেছেন মেট্রো কর্তৃপক্ষ। তার পরে এই প্রথম বার রাজ্যে এসে সেই চিংড়িঘাটায় মেট্রোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল সরকারকে বিঁধলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী বললেন, ‘কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল।’

    মেট্রোর কাজের জন্য শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ইস্টার্ন বাইপাসের অতি গুরুত্বপূর্ণ মোড় চিংড়িঘাটায় রাস্তা বন্ধ করলে যাত্রীদের বিপুল অসুবিধা হবে, এই যুক্তি দেখিয়েই দিনের পর দিন মেট্রোর কাজ আটকে রাখার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। আদালতও রাজ্যকে মেট্রোর কাজের ছাড়পত্র দেওয়ার জন্য বলে। তা সত্ত্বেও পূর্বতন সরকার সেই ছাড়পত্র দেয়নি বলে অভিযোগ ওঠে। পরে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টেও একটি মামলা করা হয়। সেই মামলায় পরে শীর্ষ আদালতও রাজ্যকে একই নির্দেশ দেয়। উন্নয়ন আটকে রাখা যাবে না বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট। অভিযোগ, তার পরেও আগের সরকার তৎপর হয়নি।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারীর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে আগে চিংড়িঘাটায় মেট্রোর কাজ সম্পূর্ণ করার অনুমোদন দেয়। এর পরেই তৎপর হয়ে আটকে থাকা কাজে হাত দেয় মেট্রো। তা শেষ করতে মেরেকেটে ১২০ ঘণ্টা লেগেছে। এর জন্য যান চলাচল নিয়ন্ত্রিত হয়েছিল ঠিকই, কিন্তু তাতে শহর ভেঙে পড়েনি। নিত্যযাত্রীদেরই বড় অংশের মত, বাইপাস সংলগ্ন অঞ্চলও যানজটে স্তব্ধ হয়ে যায়নি। পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গেই ঘুরপথে যান চলাচল করিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে।

    মেট্রোর কাজ খতিয়ে দেখতে চিংড়িঘাটায় যান অশ্বিনী। রেলমন্ত্রী বলেন, ‘কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল ১৯৭২ সালে। পরের ৪২ বছরে শহরে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে গত ১২ বছরে মেট্রোর ৪৫ কিলোমিটারের কাজ হয়েছে। প্রধানমন্ত্রী প্রথম থেকেই কলকাতায় মেট্রোর কাজে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আগের সরকার তা হতে দেয়নি। বার বার তারা বাধা দিয়েছে।’

    প্রসঙ্গত, চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে রাখা নিয়ে নানা মহলে সমালোচিত হয়েছে আগের সরকার। এমনকি পূর্বতন শাসকদল তৃণমূলের প্রাক্তন মুখপাত্র অরূপ চক্রবর্তীও সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়ে আগের সরকারের সমালোচনা করেছেন।

  • Link to this news (এই সময়)