• ৬ ঘণ্টায় বুলেট ট্রেনে এনজেপি-দিল্লি, খুশির হাওয়া উত্তরবঙ্গে, ভাড়া কম রাখার আর্জি শিলিগুড়িবাসীর
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • মাত্র ৬ ঘণ্টায় বুলেট ট্রেনে নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে দিল্লি! শনিবার রাজ্যে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করার পর থেকেই খুশির হাওয়া শিলিগুড়ি-জলপাইগুড়ি জুড়ে। মোটের উপর সকলেরই মত, এই ট্রেন চালু হলে এনজেপি থেকে দিল্লিযাত্রার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা থেকে মুক্তি মিলবে। কিন্তু এই প্রকল্পের কাজ কত দিনে শেষ হবে, তা নিয়ে সন্দিহান উত্তরবঙ্গের বড় অংশ। পাশাপাশি, বুলেট ট্রেনের ভাড়াও যাতে মধ্যবিত্তের সামর্থ্য মাথায় রেখে ঠিক করা হয়, সেই দাবিও তুলেছেন অনেকে।

    এত দিন এনজেপি থেকে বারাণসী পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালু করার কথা বলে এসেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরেই রেলমন্ত্রী জানান, বারাণসী নয়, বুলেট ট্রেন পাটনা, বারাণসী, লখনউ হয়ে সোজা দিল্লি পর্যন্ত পৌঁছবে। রেল সূত্রে খবর, সারা দিনে নিউ জলপাইগুড়ি থেকে গড়ে প্রায় ৪০ জোড়া ট্রেন যাতায়াত করে। তা সত্ত্বেও দিল্লিযাত্রায় নানা জটিলতায় পড়তে হয় উত্তরবঙ্গবাসীকে। সহজে ট্রেনের টিকিট পাওয়া যায় না বলে অনেককে বিমানেও যাতায়াত করতে হয়। আগামী দিনে সেই সঙ্কট মিটবে।

    শিলিগুড়ির বাসিন্দা, পেশায় নিরাপত্তা কর্মী দিলীপ দাস বলেন, ‘বুলেট ট্রেনে চড়ে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি যাওয়া যাবে! দারুণ ব্যাপার। তবে ভাড়া কত হবে, সেটাই আসল প্রশ্ন।’ ব্যবসায়ী শোভন রায়ও বলেন, ‘আমায় কাজের সূত্রে দিল্লি যেতে হয়। যত ভাড়াই হোক, আমি প্রথম দিনই চড়তে চাই।’ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বিশ্বনাথ সান্যালের বক্তব্য, ‘এ বার মনে হচ্ছে শিলিগুড়ির উন্নয়ন হবে। বুলেট ট্রেন, মাটির তলা দিয়ে ট্রেন। মরার আগে সবই যেন দেখে যেতে পারি।’ রেল সূত্রে জানা গিয়েছে, প্রতিটি প্রকল্পেরই ডিপিআর তৈরির কাজ চলছে। তার পরেই কাজে নামবে রেল মন্ত্রক।

    প্রসঙ্গত, এনজেপিতে মাটির তলা দিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত রেলপথকে আরও শক্তিশালী করার কথা ভেবেছে কেন্দ্র। এনজেপি-বাগডোগরা রেলপথেও ডাবল লেন তৈরি করা হবে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘অনেক আগেই কেন্দ্রীয় সরকার শিলিগুড়িকে কেন্দ্র করে রেল পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা নিয়েছে। তৃণমূল সরকারের অসহযোগিতার জন্য সেগুলি কার্যকর করা সম্ভভ হচ্ছিল না। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায় সেই জটিলতা কেটেছে। তার সঙ্গে শিলিগুড়ি পাচ্ছে বুলেট ট্রেন।’

  • Link to this news (এই সময়)