• মেডিক্যাল কলেজে হঠাৎ অভিযান পুলিশের, গ্রেপ্তার ১১
    আজকাল | ০৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রমরমিয়ে চলা দালাল চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল বহরমপুর থানার পুলিশ। শনিবার সকাল থেকে হঠাৎই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে  ১১ জন দালালকে গ্রেপ্তার করল তারা।

    ধৃতদের বেশিরভাগেরই বাড়ি বহরমপুর শহরের স্বর্ণময়ী রোড , আম্বেদকর পল্লি খিদিরপুর, ঠাকুরপাড়া,  ভাকুরি-ঘোষপাড়া এলাকায়। ধৃত অন্য একজনের বাড়ি কান্দি থানা এলাকায় বলে বহরমপুর থানা সূত্রে জানা গিয়েছে। 

    প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্য সরকারি হাসপাতালগুলিতে রোগীদের সঙ্গে প্রতারণার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই দালাল চক্র। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী ইতিমধ্যে স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং হাসপাতালগুলিতে দালাল চক্র বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ স্তর থেকে। 

    রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালানোর জন্য ইতিমধ্যেই কলকাতায় স্বাস্থ্য ভবনে একটি 'ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম' চালু করা হয়েছে। সেখান থেকে ২৪ ঘন্টা রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোর উপর নজরদারি চালানো হচ্ছে ,যাতে হাসপাতালগুলি থেকে কোনওরকম অভিযোগ আসা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। 

    স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের আধিকারিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে রোগী এবং তাঁদের পরিবারের সঙ্গে কেউ প্রতারণা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। 

    বহরমপুর থানার এক আধিকারিক জানান, গত কয়েকদিন ধরে তাঁরা খবর পাচ্ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে কিছু অসাধু ব্যক্তি রোগীদের কাছ থেকে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ কেনা এবং ভর্তির নাম করে টাকা আদায় করছে। এর পাশাপাশি অনেক রোগীকে হাসপাতালে শয্যা পাইয়ে দেওয়া এবং ব্লাড ব্যাঙ্ক থেকে  রক্ত পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় করা হচ্ছিল বলেও পুলিশ খবর পায়। সেইসঙ্গে কিছু অসাধু ব্যক্তি সরকারি হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের বেসরকারি হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন নিচ্ছিল বলেও পুলিশ খবর পায়। 

    এরপরই শনিবার সকাল থেকে বহরমপুর থানার পুলিশ সাদা পোশাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে  অভিযানে নামে। বহরমপুর থানার পুলিশের অভিযানে হাসপাতাল চত্বর এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক ঘণ্টার মধ্যে ১১ জন দালালকে ধরা পড়ে। ধৃতদের এদিনই আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে ।
  • Link to this news (আজকাল)