আজকাল ওয়েবডেস্ক: এক সময় সিধেল চোররা গ্রামে চুরি করতে যাওয়ার সময় শরীরে সর্ষের তেল মেখে যেত। উদ্দেশ্য যাতে চুরির পর তাঁকে কেউ ধরতে না পারে। সিধেল চোর আর এখন দেখা যায় না। সেই পন্থাকে অনুসরণ করে আলিপুরদুয়ার শহরে চুরির চেষ্টা করল এক চোর। চুরি করার পর সহজে পালিয়ে যেতে নিজের শরীরে মেখে নিল মল, মূত্র। যদিও তাতেও শেষ রক্ষা হলো না চোরের। পুলিশ তাঁকে ধরে নিয়েই গেল শ্রীঘরে।
শনিবার দুপুরে এমনই এক অভিনব ঘটনার সাক্ষী রইলেন আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে থাকা কর্মী ও গ্রাহকেরা। জানাগেছে রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু হতেই, আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করাতে লম্বা লাইন বিভিন্ন ডাক অফিস এবং আধার অফিসে। প্রতিদিনের মত এদিনও আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে মহিলাদের লম্বা লাইন হয়। সেই ভিড়ের ফাঁকে পোস্ট অফিসের কাউন্টারে ঢুকে ৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করে বিহারের বাসিন্দা ওই চোর। কিন্তু চুরির সময় চোরকে দেখে ফেলেন এক গ্রাহক এবং এক ডাক কর্মী।
চোরকে ধরতে গেলে, হঠাৎ ঠোঙা থেকে মল মূত্র ছিটাতে শুরু করে চোর। তাতেই শেষ রক্ষা হয়নি। পোস্ট অফিসের গেটের সামনেই অভিযুক্তকে ধরে ফেলে ডাক কর্মী ও গ্রাহকরা। নিমিষেই এলাকা দুর্গন্ধে ভরে যায়। নাকে রুমাল চাপা দিয়ে অফিস থেকে বেরিয়ে যান অনেকে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযুক্তকে ধরে নিয়ে যায়। চুরি করার অদ্ভুত পন্থা দেখে হতবাক সকলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর জুড়ে।