• এবার 'বোমা' ফাটালেন দেবাংশু!
    আজকাল | ০৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভরাডুবি শুরু। দলের ছন্নছাড়া দশা। গত এক মাসে পুলিশের জালে একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 

    শনিবার রাতে সামজমাধ্যমে দেবাংশু লিখেছেন, "কিছু চোর-ডাকাত-তোলাবাজের গ্রেপ্তার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়! একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের।" 

    এরপরই তিনি লেখেন, "রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে কিছু কিছু গ্রেপ্তারি হলেও ফাঁকতালে কয়েকটা প্রকৃত চোর-ছ্যাচোর-হুমকিবাজ ডাকাতও ধরা পড়ছে। যেটা খুবই ভাল লক্ষণ। ব্লেসিং ইন ডিসগাইজ! সৎভাবে আমরা যাঁরা রাজনীতি করেছি, গায়ে কালির দাগ লাগতে দিইনি, তাঁরা এসব কিছু বদমাইশের দায়-দায়িত্ব আজ পরাজয়ের পরেও কাঁধে নিতে যাব কেন? অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক এঁদের।" 

    লোকসভার পর বিধানসভা নির্বাচনেও হেরেছেন দেবাংশু। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেবাংশু। 

    তবে এবার তাঁর কাঁধ থেকে দায়িত্ব কমেছে। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ ছিলেন দেবাংশু। এবার আর কাউকে ইনচার্জ রাখা হয়নি। ৬ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, উপাসনা চৌধুরী ও তথাগত ভট্টাচার্যের মতো নেতা-নেত্রীরা। 

    গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছেন। এহেন টালমাটাল পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়া একাধিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হলেন দেবাংশু। 
  • Link to this news (আজকাল)