• অনুব্রতর নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ! পিছনে কী কারণ? ১০০ ট্রাক্টর নিয়ে চড়াও হয়েছিল মামন শেখও
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • একসময় তিনি ছিলেন বীরভূম জেলার দাপুটে নেতা৷ বাঘে-গরুতে নাকি তাঁর ভয়ে এক ঘাটে জল খেত৷ একুশের নির্বাচনের আগেও তিনি ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ অনুব্রত মণ্ডল। মমতা ডাকতেন ‘কেষ্ট’ বলে৷ সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই এবার থানায় দায়ের হল লিখিত অভিযোগ৷ ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানা-য় লিখিত অভিযোগ দায়ের করলেন এক ইটভাটা মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল।

    গত মাসের ৪ তারিখ বিপুল সংখ্যক আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এরপরই দেখা গেছে, ভয় কাটিয়ে অনেকেই নিজ নিজ এলাকার তৃণমূল নেতাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। তেমন ভাবেই এবার একসময়ের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ইটভাটার মালিক।

    আরও পড়ুন : আগামী সপ্তাহেই ‘আমূল’ প্লান্টের উদ্বোধন? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মানেজিং ডিরেক্টর

    প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে এবার সরাসরি অভিযোগের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল। শান্তিনিকেতন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগে শুভেন্দু বিকাশ মণ্ডলের দাবি করেছেন, শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত আদিত্যপুরের পাথরঘাটা গ্রামে তাঁর ‘লায়ন ব্রিক ফিল্ড’ নামে একটি ইটভাটা রয়েছে।

    সেইখানেই ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় অনুব্রত মণ্ডলের নির্দেশে সশস্ত্র দুষ্কৃতীরা সেই ইটভাটায় হামলা চালায়৷ হামলা চালিয়ে সেখান থেকে আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করেছিল বলে দাবি করেছেন ওই ইটভাটার মালিক! ইট ভাটার মালিকের সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

    হামলাকারীদের হাতে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও অভিযোগ। ইট ভাটার মালিক জানান, সেই সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে প্রাণ বাঁচাতে নিজেকে রক্ষা করতে তাঁকে কোপাই নদীর ধার ধরে পালাতে হয়। পরিস্থিতি খারাপ দেখে কর্মীরাও আতঙ্কে ভাটা ছেড়ে চলে যান। এরপর প্রায় তিন লক্ষ ইট লুট করা হয়, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা বলে দাবি তাঁর। পুলিশ প্রশাসন সূত্রে খবর, সরাসরি অনুব্রত মণ্ডল, মামন শেখ-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

    শুভেন্দু বিকাশ মণ্ডলের দাবি, সে সময় থানায় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। সম্প্রতি তিনি আবার শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের বিষয়ে অনুব্রত মণ্ডল কোনও মন্তব্য করতে চাননি।
  • Link to this news (News18 বাংলা)