জলপাইগুড়িবাসীর জন্য সুখবর! আসছে হাজার কোটির উড়ালপুল, যানজট মুক্তির অপেক্ষায় জেলাবাসী
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
: রাস্তার জট কাটাতে মেগা প্ল্যান! যানজটের যন্ত্রণা কাটাতে বড় পদক্ষেপ! জলপাইগুড়িতে হতে চলেছে হাজার কোটির ফ্লাইওভার! স্বস্তির আশা শহরবাসীরজলপাইগুড়ির নিত্যদিনের যানজট কি এবার অতীত হতে চলেছে? আসাম মোড় থেকে পাহাড়পুর পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার ঘিরে ঠিক এমনই আশার আলো দেখছেন শহরবাসী।
প্রায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিশাল প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে, যা বদলে দিতে পারে শহরের যোগাযোগ ব্যবস্থা।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে সাংসদ ডাঃ জয়ন্ত রায় জানান, এক বছর আগেই এই ফ্লাইওভার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, মেডিক্যাল কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়াত সহজ করতে এই পরিকল্পনা। বর্তমানে গোশালা মোড় থেকে আসাম মোড় হয়ে পাহাড়পুর পর্যন্ত ২৭ নম্বর জাতীয় সড়কে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। তার উপর নতুন মেডিক্যাল কলেজ ভবন, সার্কিট বেঞ্চের স্থায়ী অবকাঠামো এবং অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি রোড স্টেশনের উন্নয়ন সব মিলিয়ে চাপ বেড়েছে এই রুটে। এই পরিস্থিতি সামাল দিতেই ফ্লাইওভারের প্রস্তাব।
ইতিমধ্যেই মে মাসের শেষে ডিপিআর তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রাস্তার দুপাশে মার্কিং ও খুঁটি পুঁতে মাপজোক চলছে জোরকদমে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উত্তরবঙ্গের প্রজেক্ট ডিরেক্টর শৈলেন্দ্র প্রভু জানিয়েছেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। আগামী এক মাসের মধ্যেই বিস্তারিত ডিপিআর প্রকাশ্যে আসবে। সব কিছু ঠিকঠাক এগোলে, খুব শীঘ্রই জলপাইগুড়ির রাস্তায় মিলতে পারে স্বস্তির নতুন দিশা..যানজটমুক্ত এক শহরের স্বপ্ন যেন এবার বাস্তবের পথে।