• ডায়মন্ড হারবারে ছাদে কাপড় তুলতে গিয়ে সর্বনাশ, বজ্রপাতে মৃত্যু গৃহবধূর
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • বাড়ির ছাদে শুকোতে দেওয়া কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক গৃহবধূর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার মোহনপুর গ্রামে। মৃতার নাম নাজিমা খাতুন (২১)।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকাই বৃষ্টি শুরু হলে ছাদে মেলে রাখা কাপড় তুলতে যান নাজিমা বিবি। সেই সময় প্রবল বজ্রপাত হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বজ্রপাতের তীব্রতায় বাড়ির ছাদের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।

    প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে টানা ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামান সাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১০ জুন পর্যন্ত।

    দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে সাময়িক স্বস্তি তবে গরম এবং অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলে সাময়িকভাবে স্বস্তি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার কোথাও বা ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি।
  • Link to this news (News18 বাংলা)