পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত অশোক ভট্টাচার্য, চোট গুরুতর! মাথায় একাধিক সেলাই, শিলিগুড়িতে উদ্বেগ
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
মাথা ফাটল প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের। শনিবার নিজের বাড়ির ঘরে পড়ে গিয়ে মাথা ফাটে বর্ষীয়ান সিপিাইএম নেতা অশোক ভট্টাচার্যের। জানা গিয়েছে, মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। প্রথমে কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।
চোট গুরুতর হওয়ায় পরে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গিয়েছে। নার্সিংহোমে দলীয় নেতা-কর্মীরা পৌঁছেছেন। ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মন্ত্রী।
এবারের বিধানসভা ভোটের আগে বামেদের ভুল নিয়ে মুখ খুলেছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। বামেদের ভোট বিজেপিতে চলে গিয়েছিল বলে আক্ষেপ শোনা যায় বর্ষীয়ান বাম (Left Front) নেতা অশোক ভট্টাচার্যের মুখে। সেই ভোট পুনরুদ্ধারের বার্তাও দিয়েছিলেন তিনি। যদিও রাজ্যে মাত্র একটি আসন পেয়েই শূন্যের গেরো কাটিয়েছে সিপিআইএম।
অশোক ভট্টাচার্যকে ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে অশোক ভট্টাচার্য বলেছিলেন, ”এখন একটাই লক্ষ্য। কোনও মতেই যাতে বিজেপি ক্ষমতায় না আসে। গণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটুক, নির্ণায়ক ভূমিকা নিক সিপিএম। রাজ্যে বামপন্থার পুনরুত্থান বা পুনর্জাগরণ ঘটুক।”
রাজ্যের বাম সমর্থকদের মধ্যে ভোট ভাগাভাগি নিয়ে আলোচনায় উঠে এসেছে। বাম ভোট যে বিজেপিতে চলে যাচ্ছে, তা নিয়েও রাজ্য-রাজনীতিতে একাধিকবার চর্চা হয়েছে। কিন্তু এবার ভোটের আগে খোদ অশোক ভট্টাচার্যের মুখে শোনা যায় সেই কথাই! নেতা হিসেবে অশোক ভট্টাচার্যের জনপ্রিয়তার কথা অনেকেই জানেন। এমনকী ভরা তৃণমূল জমানাতেও জিতে মেয়র হয়েছিলেন তিনি। সেই অশোকই মহম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘গত তিনটি নির্বাচনে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন।’