• জমি কেলেঙ্কারি-তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • জমি কেলেঙ্কারি, তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা। শনিবার খড়গপুর স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

    ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। খড়গপুর থেকে পুলিশের জালে গ্রেফতার সদ্য প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি। একটি জমি কেলেঙ্কারির মামলায় গ্রেফতারি বলে এখনও পর্যন্ত সূত্রের খবর। সুজয় হাজরাকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সুজয় হাজরা।

    অন্যদিকে, সুজয় হাজরার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। শনিবার খড়গপুর স্টেশন থেকেই সুজয়কে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ। অভিযুক্ত প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির পাশাপাশি তোলাবাজির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের এক কর্তা। আগামীকাল ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তোলা হবে মেদিনীপুর আদালতে, খবর পুলিশ সূত্রে।

    কয়েক দিন আগে বালি মাফিয়াদের যোগসাজশের অভিযোগে কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিটকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। পুলিশের একটি সূত্রে খবর, সেই সময় কল্পনা জানিয়েছেন সুজয়-সহ জেলার বেশ কয়েক জন তৃণমূল নেতার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। তাঁদের বাদ রেখে কেন তাঁকে গ্রেফতার করা হল।

    কাকতালীয় ভাবে সুজয়কে জমি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় তাঁর গ্রেফতারির খবর মেলে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ”জমি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছিল সুজয় হাজরার বিরুদ্ধে। শুক্রবার শালবনি থানায় একটি জমি কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য শালবনি থানায় ডেকে পাঠানো হয়েছিল অভিযুক্তকে। তদন্ত চলছে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।”

    শোভন দাস
  • Link to this news (News18 বাংলা)