‘তৃণমূল সরকার উন্নয়নের বিরোধী ছিল’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তোপ রেলমন্ত্রীর
দৈনিক স্টেটসম্যান | ০৭ জুন ২০২৬
চিংড়িঘাটায় মেট্রো রেলের কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামো উন্নতির জন্য, কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উন্নতির জন্য কাজ করছেন বলে জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী। মেট্রো প্রকল্পের কাজ আটকে রাখার অভিযোগ তুলে আগের তৃণমূল সরকারকে তোপ দাগলেন রেলমন্ত্রী। সব রেল প্রকল্পের ক্ষেত্রেই বাধা দিত আগের সরকার বলে অভিযোগ করলেন তিনি। শনিবার বিকেলে চিংড়িঘাটার মেট্রোর কাজ ঘুরে দেখার সময়ই বিদায়ী তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।
এদিকে চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রেখেছিল বিদায়ী তৃণমূল সরকার। তারা উন্নয়ন চাইত না বলে অভিযোগ করলেন রেলমন্ত্রী। কলকাতার জন্য মেট্রো খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তবে দমদম বিমানবন্দর লাগোয়া জয় হিন্দ মেট্রো স্টেশনও পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চিংড়িঘাটা মেট্রোর কাজ দেখার পর সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন,‘আগের তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের বিরোধী ছিল। পদে পদে বাধা দিত। কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল।’
অন্যদিকে চিংড়িঘাটা মেট্রোর কাজ দীর্ঘদিন আটকে ছিল। এমনকী তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল। সেখানে রাজ্যে বিজেপি সরকার আসতেই সেই জট কেটে গিয়ে কাজ সম্পন্ন হয়। এই বিষয়টিকে সামনে রেখে রেলমন্ত্রীর কটাক্ষ, ‘তৃণমূল সরকার যে কতটা উন্নয়ন বিরোধী ছিল তার উজ্জ্বল উদাহরণ এই চিংড়িহাটা মেট্রো প্রজেক্ট। বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য-কেন্দ্রের মধ্যে ছিল ‘যুদ্ধ যুদ্ধ’ ভাব। তার জেরে বাংলায় রেলের উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালাবদলে সেই সমস্যা মিটে যাবে।’
এছাড়া শুভেন্দু অধিকারীর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে আগে চিংড়িঘাটায় মেট্রোর কাজ সম্পূর্ণ করার অনুমোদন দেয়। তার পরই আটকে থাকা কাজে হাত দেয় মেট্রো। তা শেষ করতে ১২০ ঘণ্টা সময় লেগেছে। তাই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘কলকাতা মেট্রোর কাজ শুরু হয়েছিল ১৯৭২ সালে। ৪২ বছরে শহরে মাত্র ২৮ কিলোমিটার কাজ হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে গত ১২ বছরে মেট্রোর ৪৫ কিলোমিটারের কাজ হয়েছে। প্রধানমন্ত্রী প্রথম থেকেই কলকাতায় মেট্রোর কাজে গুরুত্ব দিয়েছেন। কিন্তু আগের সরকার তা হতে দেয়নি। বারবার তারা বাধা দিয়েছে। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে রেল প্রজেক্ট নিয়ে৷ রাজ্যের সরকার এবং মুখ্যসচিবকে বলব সমস্ত কাজ শেষ করে ফেলতে।’