• ‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
    প্রতিদিন | ০৭ জুন ২০২৬
  • অপরাধের বিরুদ্ধে দেশে বুলডোজার অ্যাকশনের জনক তিনি। সমালোচনা থাকলেও নিজ রাজ্য তো বটেই গোটা দেশে বুলডোজার বাবা হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। শনিবার উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় এক জনসভায় সেই যোগীকে ঘিরে জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। হিন্দুত্বের ‘পোস্টার বয়’ যোগী মঞ্চে পা রাখতেই জয় শ্রীরাম স্লোগানে অভ্যর্থনা জানালো জনতা। পাশাপাশি স্লোগান উঠল জয় বুলডোজার বাবা।

    শনিবার সকালে মা পাটেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পর চাকরৌতে জনসভা ছিল যোগীর। কাতরা ও কর্নাইলগঞ্জ দুই বিধানসভা কেন্দ্র থেকে হাজার হাজার মানুষ এই জনসভায় উপস্থিত হন। ১০টা নাগাদ সেখানে উপস্থিত হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ততক্ষণে কানায় কানায় ভরে উঠেছে সভাস্থল। পুরো এলাকাজুড়ে দেখা যায় বিজেপির পতাকা। জয় শ্রীরামের পাশাপাশি বুলডোজার বাবার জয়ধ্বনি দিতে দেখা যায় জনতাকে। যোগী মঞ্চে পা রাখতেই তাঁর হাতে রামের মূর্তি তুলে দেন বিজেপির জেলা নেতৃত্বরা। উপহার দেওয়া হয় গদাও। জেলা প্রশাসনের তরফেও মা শক্তির একটি মূর্তি উপহার দেওয়া হয় যোগী আদিত্যনাথকে।

    যোগীকে অভ্যর্থনা জানাতে কৈশেরগঞ্জের সাংসদ যোগী আদিত্যনাথকে ‘বুলডোজার বাবা’ বলে উল্লেখ করেন। সেই সুরে সুর মিলিয়ে জনসভায় স্লোগান ওঠে ‘জয় শ্রী রাম’ এবং ‘বুলডোজার বাবা কি জয়’। পাশাপাশি নিজের বক্তব্যের শুরুতে মুখ্যমন্ত্রী বলেন, গোন্ডা অত্যন্ত একটি উদ্যমী জেলা। তাঁর কথায়, জেলার যুবসমাজ ভীষণই প্রাণবন্ত, কৃষকরা পরিশ্রমী এবং এখানকার বোন ও কন্যারা অত্যন্ত প্রতিভাবান। উল্লেখ্য, চলতি বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। গোটা রাজ্যের যেখানেই মুখ্যমন্ত্রী পা রাখছেন সেখানেই নজর কাড়ছে জনতার উচ্ছ্বাস। শনিবার সেই ছবিই দেখা গেল গোন্ডায়।
  • Link to this news (প্রতিদিন)