মেট্রোয় যাত্রীদের সঙ্গে সওয়ারি রেলমন্ত্রী অশ্বিনী, আরও ৬০টি নতুন আধুনিক রেক কলকাতায়
প্রতিদিন | ০৭ জুন ২০২৬
কলকাতায় এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। তারই মাঝে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মন্ত্রীকে। কলকাতা মেট্রোতে (Kolkata Metro) সওয়ারি হলেন তিনি। সাধারণ যাত্রীদের পাশে আসনে বসে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় অশ্বিনী বৈষ্ণবকে। সাধারণ যাত্রীদের আর কী কী দাবি আছে? কোন কোন বিষয়ে মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের মতামতও শোনেন তিনি। কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। আগামী দিনে আরও ৬০টি নতুন আধুনিক রেক আসছে কলকাতায়। সেই কথাও এদিন জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।
বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্য-কেন্দ্রের মধ্যে ছিল ‘যুদ্ধ যুদ্ধ’ ভাব। তার ফলে বাংলায় রেল উন্নয়ন থমকে ছিল। তবে সরকারের পালাবদলে সে সমস্যা মিটে যাবে। আগামিদিনে রাজ্যে ১ লক্ষ কোটির রেলপ্রকল্পের কাজ হবে। রাজ্যের প্রত্যেক জেলা জুড়বে রেল মানচিত্রে। নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। এদিন কলকাতায় এসেছিলেন রেলমন্ত্রী। বৈঠক করতে এদিন সকালে বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন রেলমন্ত্রী। এরপর বিমানবন্দর-নোয়াপাড়া রুটে মেট্রো চড়েন তিনি। অটোতেও চড়েন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে কথাবার্তাও বলেন। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী।
রেলে সাধারণ যাত্রীদের পাশে বসে জনসংযোগ করেন রেলমন্ত্রী। একাধিক বিষয়ে কথা হয় তাঁদের। কলকাতা মেট্রোর পথ আরও বড় হচ্ছে। নতুন রুট হচ্ছে মহানগরে, সেই কথাও জানা গিয়েছে। এই মুহূর্তে উন্নতমানের একাধিক আধুনিক রেক রয়েছে কলকাতায়। আগামী ৪-৫ বছরে আরও ৬০টি উন্নতমানের রেক কলকাতায় আসবে। সেই কথাও এদিন রেলমন্ত্রী জানিয়েছেন।
হাওড়া, শিয়ালদহ, বিমানবন্দরের পর এবার কলকাতা স্টেশনও জুড়তে চলেছে মেট্রোপথে! করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত নতুন মেট্রো রুট চালু করতে চাইছে রেলমন্ত্রক। প্রাথমিক সমীক্ষার অনুমতিও দেওয়া হয়েছে রেলমন্ত্রকের তরফে। ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল, সল্টলেক ৬ নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো পৌঁছতে পারে করুণাময়ী। ইতিমধ্যেই কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্কে সংযুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু হচ্ছে সমীক্ষা। আপাতত কারিগরী এবং ট্র্যাফিক সার্ভে শুরু হতে চলেছে। ৮ লক্ষ টাকা খরচ করে হবে এই সমীক্ষা, তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে নতুন রুটের মেট্রো নিয়ে।