এলঅ্যান্ডটির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বঙ্গে শিল্প বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে আলোচনা
eTV Bharat | ০৬ জুন ২০২৬
কলকাতা, 6 জুন: শুক্রবার লারসেন অ্যান্ড টুব্রোর বা এলঅ্যান্ডটির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করেন তিনি।
শনিবার লারসেন অ্যান্ড টুব্রোর বা এলঅ্যান্ডটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এই বৈঠকটি কলকাতা বিমানবন্দরে অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।
শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে প্রায় 30 মিনিটের বৈঠকে রাজ্যের শিল্পোন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। শিল্প বিকাশের জন্য শক্তিশালী পরিবেশ গড়ে তোলা, বৃহৎ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে রাজ্যের যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলি আলোচনা হয়।
তিনি আরও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা রাজ্যের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে। সেই লক্ষ্যেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ ও যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
রাজ্যে সরকার পরিবর্তনের পর শিল্পায়নকে অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছে নতুন প্রশাসন। এর মধ্যেই দেশের প্রথম সারির শিল্প সংস্থার প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক ও শিল্প মহলের একাংশ। তাদের মতে, শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির প্রশ্নে আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান এবং উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এই বৈঠক।
যদিও বৈঠকে কোনও নির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব বা প্রকল্প ঘোষণা করা হয়নি। তবে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বৃহৎ শিল্পগোষ্ঠীগুলিকে পশ্চিমবঙ্গে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, শনিবার নবান্নতে এক বৈঠকে রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন আমূল কর্তা। রাজ্য সরকার থেকেও সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিভিন্ন ধরনের জট কাটিয়ে বিনিয়োগের পথ সুগম করার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, "আজ নবান্নে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী জয়েন মেহতা মহোদয় এবং কায়রা ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমূল ডেয়ারির কর্ণধার শ্রী অমিত ব্যাস মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করলাম। আগামিদিনে পশ্চিমবঙ্গে আমূলের মতো বৃহৎ, স্বনামধন্য সংস্থার বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
বৈঠকে পশ্চিমবঙ্গে সংস্থার সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দুগ্ধ শিল্পের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ ও আমূলের পারস্পরিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি আশাবাদী। মোটের উপর এই দুই বৈঠক থেকে শিল্প বন্ধা পশ্চিমবঙ্গের চেহারা আগামী দিনে কতটা বদল হয় সেটাই এখন দেখার।