• পুলিশ দেখেই প্রেসার কুকারে ভাতের মধ্যে লুকোলেন গাঁজা, ‘সিটি’ দিতেই ফাঁস চালাকি, গ্রেপ্তার মাদক কারবারি
    এই সময় | ০৭ জুন ২০২৬
  • প্রেসার কুকারে ভাত বসিয়েছেন। এ বার তরকারি হবে। একমনে আলু কাটছিলেন বিনীশ। ঠিক তখনই বাড়ির সামনে এসে থামে পুলিশের গাড়ি। এখন কী হবে? পুলিশ চলে এসেছে। অভিযোগ, তাড়াহুড়োয় প্যাকেট ভর্তি গাঁজা লুকিয়ে রাখতে প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সিটি দিতেই সব জারিজুরি ফাঁস হয়ে যায়। শনিবার কেরালার কুন্নামকুলামে মাদকবিরোধী অভিযানে নেমে বিনীশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনীশের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের অভিযোগ ছিল। কিন্তু কোনও প্রমাণ ছিল না। তক্কে তক্কে ছিল পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে এদিন কুন্নামকুলামের অদুপট্টিতে হানা দেয় পুলিশ। এখানেই বিনীশের বাড়ি। তিনি বাড়িতে একাই থাকেন, নাকি পরিবারের আর কোনও সদস্য রয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ যখন তাঁর বাড়ির সামনে নামে, তখন বিনীশ রান্নাঘরে।

    বাড়িতে ঢুকেই তল্লাশি শুরু করে পুলিশ। বিনীশ প্রেসার কুকারে ভাত বসিয়ে তরকারির জন্য সব্জি কাটছিলেন। বিপদ বুঝে প্যাকেট গাঁজা ভর্তি গাঁজা প্রেসার কুকারের ভিতরে ঢুকিয়ে দেন। গ্যাসে ভাত ফুটতে থাকে, সঙ্গে গাঁজাও। পুলিশ তখন গোটা বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে। শোকেস, আলমারি, সিন্দুক - কোথাও কিছু নেই। শেষে ব্যর্থ মনোরথে যখন বাড়ি থেকে বেরোতে যাবেন, তখনই প্রেসার কুকারের সিটি বেজে ওঠে।

    একবার নয়। একের পর এক সিটি বাজতে শুরু করে লাগাতার। আর গাঁজার গন্ধ ছড়িয়ে পড়তে থাকে গোটা বাড়িতে। চারদিক ম ম করে ওঠে। সঙ্গে সঙ্গে রান্নাঘরে হানা দেয় পুলিশ। প্রেসার কুকার নামাতেই, সিদ্ধ ভাতের ভিতর থেকে বেরিয়ে পড়ে গাঁজা। সঙ্গে সঙ্গে বিনীশকে গ্রেপ্তার করে পুলিশ। ওই প্লাস্টিকের প্যাকেট থেকে মোট ৪০১ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

    বিনীশকে গ্রেপ্তার করে কুন্নামকুলাম থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের দাবি, বিনীশ দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে। মাদক পাচার চক্রে তাঁর সঙ্গে আর কেউ জড়িত কি না জানতে বিনীশকে জেরা করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

  • Link to this news (এই সময়)