টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত সদস্যের ভাই গ্রেপ্তার
বর্তমান | ০৭ জুন ২০২৬
সংবাদদাতা, হলদিবাড়ি: সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ভাইকে গ্রেপ্তার করল হলদিবাড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত চৈতুর মোড় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা শম্ভু বর্মনের দায়ের করা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্মদেব বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, শম্ভুবাবু ও তাঁর মাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মায়ের জব কার্ডে শম্ভুর নাম অন্তর্ভুক্ত করা হয়। শুধু তাই নয়, জব কার্ডে শম্ভুর নাম থাকলেও সেখানে কৌশলে অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যুক্ত করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
অভিযোগকারী শম্ভু বর্মন বলেন, পাঁচ বছর ধরে ১০০ দিনের কাজের মজুরির টাকা প্রকৃত উপভোক্তার বদলে ওই ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়ছিল এবং তা নিয়মিত আত্মসাৎ করা হয়েছে। দীর্ঘদিন পর বিষয়টি সামনে আসতেই তিনি পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ পেয়েই ঘটনাটির তদন্তে নামে হলদিবাড়ি থানার পুলিশ এবং অভিযুক্ত ধর্মদেবকে গ্রেপ্তার করে। ধৃত ধর্মদেবের দাবি, রাজনৈতিক কারণে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হলদিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আদালতের নির্দেশ ও আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।