• বুলেট ট্রেন: আশাবাদী ব্যবসায়ী, পর্যটন মহল
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বুলেট ট্রেনে মাত্র ছ’ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছে যাওয়া যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই ঘোষণায় শিলিগুড়ির শিল্পের প্রসার সহ সার্বিক উন্নয়নের ব্যাপারে আশাবাদী এখানকার ব্যবসায়ী ও পর্যটন মহল।

    শনিবার কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর দিল্লি-শিলিগুড়ি বুলেট ট্রেন পরিষেবার কথা জানান রেলমন্ত্রী।  তিনি বলেন, প্রধানন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গে চালু হবে বুলেট ট্রেন। মাত্র ছ’ঘণ্টায় শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছন যাবে। এই ঘোষণায় শিলিগুড়ির ব্যবসায়ী ও পর্যটন মহলে উৎসাহের সঞ্চার হয়েছে।

    ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব ইস্টার্ন ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সুজিত পাল বলেন, যাত্রীসংখ্যা বাড়লেও বিমান পরিষেবার সম্প্রসারণ হয়নি। সেই ঘাটতি পূরণে বুলেট ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে শিলিগুড়িকে কেন্দ্র করে শিল্পের বিকাশ ঘটবে। সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চলে শিল্প গড়ে ওঠেনি। যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোগত সমস্যার কারণে এতদিন শিল্পপতিরা এখানে আসার ব্যাপারে সেভাবে উৎসাহ দেখাননি। বুলেট ট্রেন চালু হলে ভিনরাজ্যের শিল্পপতিরা এখানে আসতে চাইবেন। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

    ট্যুর অপারেটরদের সংগঠন এতোয়ার উপদেষ্টা সন্দীপন ঘোষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিমান ভাড়া ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তুলনামূলক কম খরচে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হলে শিলিগুড়ি, পাহাড় ও ডুয়ার্সমুখী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে উত্তরবঙ্গের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
  • Link to this news (বর্তমান)