সংবাদদাতা, মাথাভাঙা: কাটমানি ফেরালেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। এলাকার দুর্গামন্দির প্রাঙ্গণে বসে বাসিন্দাদের হাতে কাটমানির প্রথম কিস্তির টাকা তুলে দেন। তিনি মাথাভাঙা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাকলি ঘোষ। বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলার ও তাঁর এক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা আবাস যোজনা, জমি কেনাবেচা সহ সালিশির নামে তোলাবাজি করেছেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে ওই যুবনেতা ও কাউন্সিলার বেপাত্তা ছিলেন। দু’দিন আগে স্থানীয়রা কাউন্সিলারকে নিয়ে বৈঠক করেন। সেখানে টাকা ফেরতের বিষয়টি স্থির হয়। শুক্রবার রাতে পাড়ার দুর্গামন্দিরের মাঠে বসে ফেরত দেওয়া হয় সেই টাকার কিছু অংশ। যদিও কাউন্সিলারের দাবি, নেতাদের চাপে যুব নেতা টাকা তুলেছিল। এখন তাকে ফেরাতে হচ্ছে।
যদিও বাসিন্দাদের দাবি, ওই কাউন্সিলার ও তাঁর ছায়াসঙ্গী যুব তৃণমূল নেতার দাপট এতটাই ছিল যে পুরসভায় চেয়ারম্যান ও অন্য কাউন্সিলারদের কাজেও নাক গলাত। ওই যুবনেতা বিজেপি নেতা-কর্মীদের হুমকি দিয়েছিল। স্থানীয় বাসিন্দা দেবজিৎ সাহা, প্রণব প্রকাশ বলেন, আবাসের ঘর পাইয়ে দেওয়া ও জমি সংক্রান্ত বিষয়ের সমাধান করে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল কাউন্সিলার। অর্ধেক টাকা ফিরিয়েছে। বাকিটা পরবর্তীতে দেবে জানিয়েছেন।
কাউন্সিলার কাকলি ঘোষ বলেন, নেতাদের নির্দেশেই এসব কাজ আমাদের করতে হয়েছে। যুব নেতাও গা ঢাকা দিয়ে রয়েছে। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ বলেন, এতদিন যারা সাধারন মানুষকে নানাভাবে হেনস্তা করে টাকা তুলেছিল, এখন মানুষ সেই টাকা ফেরত চাইছে। তৃণমূলের কুকীর্তি দেখছে মানুষ। • নিজস্ব চিত্র।