• আলু রপ্তানি নিয়ে তদন্ত চাইল ব্যবসায়ী সংগঠন
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’বছর আগে ভিন রাজ্যে আলু রপ্তানি আটকাতে বেআইনি কাজ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এমনই অভিযোগ করল  ব্যবসায়ীদের সংগঠন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এ ব্যাপারে সরকারি উদ্যোগে তদন্তের অনুরোধ জানিয়েছে। সংগঠনের অভিযোগ, গত সরকারের সময় ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, এমন কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্ত তারপরেও আন্তঃরাজ্য সীমানায় আলুর লরি আটকে দেওয়া হয়। ওই সময় টাকা নিয়ে লরি ছাড়া হয়েছে বলেও অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন সরকারি শীর্ষকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার জানিয়ে দেয়, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকবে না। তার জন্য কৃষি বিপণন দপ্তর নির্দেশিকা জারি করে। 

    প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, ভিন রাজ্যে আলু গেলেও এখনও লাভজনক দাম পাওয়া যাচ্ছে না। ৫০ কেজি জ্যোতি আলুর বস্তার বন্ড ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর হিমঘরের ভাড়া সহ অন্যান্য খরচ করার পর আলুর বস্তা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। নতুন আলু ওঠার পর যে দাম ছিল, এখন তাও পাচ্ছেন না চাষিরা। অধিক ফলনের ফলে তৈরি হওয়া এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে সংগঠন। ইতিমধ্যে কৃষি বিপণনমন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে হিমঘরে ভাড়া বা ভিন রাজ্যে আলু পাঠাতে পরিবহণ ভরতুকি চেয়েছে তারা। অন্য রাজ্যে এবার আলুর ব্যাপক ফলন হওয়ায় ভিন রাজ্যের বাজার ধরতেও সমস্যা হচ্ছে বলে দাবি লালুবাবুর।
  • Link to this news (বর্তমান)