• রেল-রাজ্য বৈঠকে প্রাক্তন মন্ত্রী সহ দুই তৃণমূল বিধায়ক
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবারের প্রশাসনিক বৈঠকের পর শনিবার রেল-রাজ্য বৈঠকেও উপস্থিত হলেন তৃণমূল বিধায়করা। তবে বুধবারের তুলনায় এদিন তাঁদের সংখ্যা ছিল কম। রাজ্যে সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে তৃণমূলের মাত্র দু’জন বিধায়ককে এদিন নবান্ন সভাঘরের বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে। একজন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। আর একজন হলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। 

    এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। তৃণমূলের দুই বিধায়কেরই দাবি, তাঁদের বিধানসভা এলাকায় রেলের প্রকল্প এবং কিছু সমস্যার কথা তুলে ধরতেই এদিন তাঁরা বৈঠকে যোগ দিয়েছেন। কিন্তু তাঁরা মাত্র দু’জন কেন, তা নিয়ে কোনো মন্তব্য করেননি দুই তৃণমূল বিধায়ক। 

    প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক বলেন, ‘আমার একটা দাবি আছে। আমাদের মধ্যমগ্রামে যে মেট্রো যাচ্ছে, সেটা দ্রুত করতে এবং মধ্যমগ্রামে যে অমৃত ভারত স্টেশন নির্মাণ হচ্ছে, তার কাজের গতি বাড়ানোর জন্য অনুরোধ করতে এসেছি।’   একইভাবে অরুণাভ সেন ‘অবহেলিত’ বাগনান স্টেশনের উন্নয়নের আরজি জানাতে এসেছিলেন। তাঁর আরও একটি দাবি ছিল। পুরীগামী দু’-একটি ট্রেন বাগনান স্টেশনে যাতে দাঁড়ায়, সেই অনুরোধ করতে এসেছিলেন তিনি। তবে এদিনের বৈঠকে উপস্থিত বেশ কিছু সাংসদ নিজেদের বক্তব্য রাখার সুযোগ পেলেও বৈঠক দীর্ঘ হয়ে যাওয়ায় বিধায়করা নিজেদের কথা বলার সুযোগ পাননি। তবে এনিয়ে বিধায়কদের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী। কারণ, প্রত্যেক বিধায়কের মতামত এবং অভিযোগ নিয়ে একটি রিপোর্ট তৈরি করে তা বিশ্লেষণ করার কথা দিয়ে গিয়েছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)