দক্ষিণের পর দেশের উত্তর-পূর্ব অংশেও ঢুকল বর্ষা, বাংলায় কবে?
বর্তমান | ০৭ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার উত্তর-পূর্ব ভারতের মিজোরাম ও মণিপুরের একাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। অর্থাৎ, বর্ষা ঢুকে পড়েছে এই অংশেও। বজায় আছে দেশের অন্যান্য প্রান্তে বর্ষার অগ্রগতিও। কেরল ছাড়াও তামিলনাড়ুর বেশিরভাগ অংশ, সম্পূর্ণ গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কিছু অংশে বর্ষাকাল শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই রাজ্যগুলির আরও কিছু এলাকা এবং তেলেঙ্গানায় বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ৪-৫ দিনের মধ্যে ছত্তিশগড় এবং ওড়িশার একাংশে বর্ষাকাল শুরু হবে। তবে পশ্চিমবঙ্গে বর্ষার আগমন নিয়ে এখনও কিছু জানায়নি মৌসম ভবন। উত্তর-পূর্ব ভারত হয়ে উত্তরবঙ্গে সাধারণত আগে বর্ষা ঢোকে। স্বাভাবিক দিন ৫ জুন। সেই সময় অতিক্রান্ত। তবে রাজ্যে এবার কিছুটা দেরিতে বর্ষা এলেও অস্বাভাবিক বিলম্ব হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে ১২ জুন ও দক্ষিণবঙ্গে ১৭ জুনের মধ্যে বর্ষা এলে আবহাওয়াগত বিচারে তা স্বাভাবিক সময় বলেই ধরা হয়।
বর্ষার অগ্রগতি হলেও ইউরোপীয় আবহাওয়া সংস্থা আশঙ্কার কথা জানিয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সহ বিশ্বের অনেক দেশে বৃষ্টির পরিমাণ কমে ও তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে চলতি বর্ষাকালে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক গড়ের থেকে কম বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, দেশের অনেক জায়গার তুলনায় পশ্চিমবঙ্গে এবার বৃষ্টি বেশি হবে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিক গড়ের ৯৪ শতাংশ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিকভাবে দেশে যা ৯০ শতাংশের আশপাশে। আবহাওয়া কর্তা বলেছেন, উত্তরবঙ্গে সাধারণত বৃষ্টি একটু বেশি হয়। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথটি দক্ষিণবঙ্গের উপর দিয়েই। এবার বর্ষাকালেও দক্ষিণবঙ্গে এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বেশি হতে পারে।
আপাতত রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রপাতসহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য রয়েছে ‘কমলা সতর্কতা’। দক্ষিণবঙ্গের কোথাও আজ, রবিবার ‘কমলা সতর্কতা’ নেই। শনিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রিতে পৌঁছায়। বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য ছিল ভ্যাপসা গরম।