নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয়া সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাব দিল পরিবেশ কর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’। তার মধ্যে রয়েছে পরিবেশ আইন লাগু, প্লাস্টিক ব্যবহার বর্জন, গাছ কাটা আটকানো, জলাভূমি ভরাট বন্ধ, বায়ু দূষণ রোধ এবং বিগত সরকারের আমলে পরিবেশ সংক্রান্ত বিষয়ের অডিট। শনিবার সংগঠনের তরফে প্রেস ক্লাবে প্রস্তাবের বিষয়বস্তু ঘোষণা করা হয়েছে।
মঞ্চ জানিয়েছে, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, ‘বিগত সরকার পরিবেশের প্রশ্নে একটাও ভালো কাজ করেনি। বরং খারাপ করেছে। অন্য বিষয়ে হয়ত তারা ভালো করেছিল। কিন্তু পরিবেশের প্রশ্নে কিছুই করেনি।’ এর পাশাপাশি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানোর সরকারি ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে মঞ্চ।
তাদের বক্তব্য, গাছ যারা কাটছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নব দত্তর কথায়, ‘শাসক দল এই প্রথম ডিজের বিরুদ্ধে কথা বলেছে। তা বলে কোথাও কি বাজেনি? নিশ্চই হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে উদ্যোগটি ভালো। সবুজ বাজি নিয়েও নতুন সরকারের কাছে প্রস্তাব রেখেছে আমাদের সংগঠন। আমরা চাই বিগত সরকারের পরিবেশ সংক্রান্ত কাজকর্ম নিয়ে তদন্ত কমিশন তৈরি হোক। কোথায় কত গাছ কাটা হয়েছে, কত পুকুর বোজানো হয়েছে, উন্নয়নের নামে পরিবেশের কত ক্ষতি করা হয়েছে, তা তদন্ত করে প্রকাশ করা হোক।’ বিজেপি সরকারের প্রতি ভরসা রাখার বার্তা দিয়েছে সবুজ মঞ্চ।