বেলুড়ের ভ্যাটে মিলল আধার-রেশন-ভোটার কার্ড, কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার
বর্তমান | ০৭ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলুড়ের গিরিশ ঘোষ রোডে একটি ডাস্টবিন থেকে প্রচুর রেশন, আধার, ভোটার কার্ড ও চাকরির আবেদনপত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন মিলেছে। শনিবার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ওঠে। বিষয়টি নিয়ে ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সীমা ভৌমিকের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের পাশের ডাস্টবিনে বস্তাবন্দি অবস্থায় বিভিন্ন নথি ও দলীয় সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে। এলাকার বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের নামে ইস্যু হওয়া এত রেশন, আধার বা ভোটার কার্ড কীভাবে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে জমা হল? সেগুলি কেন ফেলেই বা দেওয়া হল? তাঁদের দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।
এনিয়ে বিজেপি নেতারা অভিযোগ করেন, পালাবদলের পর গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তাঁদের দাবি, ভবিষ্যতে কোনও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে যাতে প্রমাণ না থাকে, সেই উদ্দেশ্যেই স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সীমা ভৌমিকের অফিস থেকে এই নথিগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের আরও অভিযোগ, সিসিটিভি ফুটেজে প্রাক্তন কাউন্সিলারের উপস্থিতিতে একটি ভ্যানে বিভিন্ন জিনিস তোলা ও সরানোর ছবি ধরা পড়েছে।
বালি বিজেপির আহ্বায়ক যোগেশ সিংয়ের দাবি, এই বিষয়টি অত্যন্ত গুরুতর। সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে। পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা উচিত। একইসঙ্গে বিজেপি বিধায়ক সঞ্জয় সিংও বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এদিকে খবর পেয়ে বেলুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখা শুরু করেছে। নথিগুলির প্রকৃত মালিকানা সম্পর্কে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এ বিষয়ে সীমা ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।