• টাকার বিনিময়ে শিক্ষক বদলি, ডিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিক্ষক বদলি নিয়ে এবার সামনে এল বিস্ফোরক অভিযোগ। এক্ষেত্রে নিশানায় উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান দেবব্রত সরকার। শনিবার বারাসত থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন শিক্ষক-শিক্ষিকারা। দুর্নীতি, স্বজনপোষণ ও অর্থের বিনিময়ে পোস্টিং দেওয়ার মতো অভিযোগ তোলা হয়েছে।

    অভিযোগকারীদের দাবি, বছরের পর বছর ধরে বদলি ও পোস্টিং প্রক্রিয়াকে ঘিরে চলেছে অনিয়ম। প্রথমে শিক্ষকদের বাড়ি থেকে বহু দূরের স্কুলে পাঠানো হতো। পরে, বাড়ির কাছে পোস্টিং পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। সেই সুযোগেই লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।

    শিক্ষকদের আরও অভিযোগ, জেলার বহু স্কুলে অনুমোদিত পদের হিসাব না মেনেই শিক্ষক পোস্টিং করা হয়েছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক। কোথাও আবার শূন্যপদ পড়ে রয়েছে।

    শুধু চেয়ারম্যানই নয়, এক্ষেত্রে অভিযুক্তের তালিকায় আছেন শিক্ষাদপ্তরের একাধিক আধিকারিক, কর্মী, শিক্ষকদের একটা বড় অংশ। অভিযোগকারী শিক্ষক গণেশ সর্দার বলেন, এই কাণ্ডে একটি চক্র সক্রিয় ছিল। আর সেই র‍্যাকেটের সাহায্যেই বদলি ও পোস্টিংয়ের নামে টাকা আদায় করা হতো। নথি খতিয়ে দেখলেই অসঙ্গতি সামনে চলে আসবে। কোন স্কুলে কতজন শিক্ষক প্রয়োজন ছিল এবং বাস্তবে কতজনকে পাঠানো হয়েছে, সেই হিসাবেই মিলবে দুর্নীতির সূত্র। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেবব্রত সরকার। তাঁর বক্তব্য, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সবকিছু নিয়ম মেনেই হয়েছে।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)