• পুলিশের জালে ফের এক তৃণমূল কাউন্সিলর!
    আজকাল | ০৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশের জালে তৃণমূলের আরও এক দাপুটে নেতা। একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে এবার গ্রেপ্তার আরও এক তৃণমূল কাউন্সিলর। শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    গতকাল রাতে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ। তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এর আগে ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করল পাটুলি থানার পুলিশ। 

    প্রসঙ্গত, গত এক মাসে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ আবার চুপিসারেই সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের ভরাডুবি শুরু। দলের ছন্নছাড়া দশা। গত এক মাসে পুলিশের জালে একাধিক দাপুটে নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলর। 

    প্রসঙ্গত, গতকাল রাতেই গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা কৈলাশ মিশ্র। গতকাল বিহারের মধুবনী থেকে তাঁকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। 

    কৈলাশ মিশ্র হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই পলাতক ছিলেন। তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে কৈলাশ মিশ্রের বিরুদ্ধে। এবছর বিধানসভা নির্বাচনে বালি আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। বিজেপির সঞ্জয় কুমার সিংয়ের কাছে হেরে যান। এদিন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি দল মধুবনীতে কৈলাশের আত্মীয়ের বাড়িতে হানা দেয়। সেই আত্মীয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

    পুলিশ জানিয়েছে, কৈলাশ মিশ্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, সরকারি কাজে বাধা, হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে। রবিবার বিহারের আদালতে পেশ করা হবে তাঁকে। এরপর সোমবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে।
  • Link to this news (আজকাল)