• পাটুলিতে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য, পুলিশের জালে স্থানীয় যুব নেতাও
    বর্তমান | ০৭ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি, হুমকির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুরসভার ১০১ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। এদিনই তোলাবাজির অভিযোগে পাটুলির আরও এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সৌরভ ঘোষ। ১০১ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল যুব সভাপতি বাপ্পাদিত্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ধৃত দু’জনকেই আজ, রবিবার আলিপুর আদালতে হাজির করা হবে।

    জানা গিয়েছে, বাপ্পাদিত্য দাশগুপ্তর নামে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা ধরনের অভিযোগ উঠছিল। নয়ানজুলি ভরাট, বেআইনি নির্মাণ, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া, টোটো ও অটোচালকদের থেকে তোলা আদায় করার ঘটনায় নাম জড়িয়েছিল এই তৃণমূল কাউন্সিলারের। অভিযোগ, ওই এলাকায় প্রোমোটিং সংক্রান্ত যে কোনো কাজে শেষ কথা ছিল বাপ্পাদিত্য। ফ্ল্যাট বা বাড়ি তৈরি করতে হলে কাঠাপিছু ১ লক্ষ টাকা দিতে হত তাঁকে। ইট, বালি, সিমেন্টের মতো নির্মাণ সামগ্রীও নিতে হত কাউন্সিলারের ঠিক করে দেওয়া সিন্ডিকেটের থেকে। প্রশাসনের কাছে অভিযোগ জানালে জুটত হুমকি, শাসানি। রাজ্যে পালবাদলের পর সম্প্রতি পুলিশের কাছে বাপ্পাদিত্যের বিরুদ্ধে লিখিতভাবে বেশ কিছু অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তে সেই সংক্রান্ত তথ্য হাতে আসার পরই তাঁকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। এদিন রাতে বাপ্পাদিত্যকে পাটুলি থানায় নিয়ে যাওয়া হলে ‘চোর’, ‘চোর’ শ্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ জনতা। বিপত্তি এড়াতে তড়িঘড়ি কাউন্সিলারকে থানার ভিতরে নিয়ে যায় পুলিশ। 

    স্থানীয় সূত্রে খবর, বাপ্পাদিত্যের মদতেই এলাকায় তোলাবাজি চালাত যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষ। সম্প্রতি তাঁর বিরুদ্ধেও পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়। এর পরেই শনিবার গ্রেপ্তার করা হয় ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভকে। ধৃত দুই তৃণমূল নেতার শাস্তির দাবিতে এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা।
  • Link to this news (বর্তমান)