• আর লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই! এবার ঘরে বসেই কালনা পৌরসভার ট্যাক্স ও ফি দিন অনলাইনে
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • : কালনা পৌরসভায় ডিজিটাল পেমেন্টের সূচনা, এবার অনলাইনেই মিলবে বিভিন্ন পরিষেবার অর্থপ্রদানের সুবিধা। নাগরিক পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কালনা পৌরসভা। আনুষ্ঠানিকভাবে পৌরসভায় চালু হল ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা।

    এর ফলে এবার থেকে পৌরসভার বিভিন্ন পরিষেবার জন্য নাগরিকরা সহজেই অনলাইন ও ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন। এতদিন পর্যন্ত সম্পত্তি কর (হোল্ডিং ট্যাক্স) জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার ফি পরিশোধের জন্য নাগরিকদের নগদ অর্থের উপরই নির্ভর করতে হত। নতুন এই ব্যবস্থার মাধ্যমে সেই চিত্র বদলাতে চলেছে। এখন থেকে ইউপিআই, কিউআর কোড, অনলাইন ট্রান্সফার-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মুহূর্তের মধ্যেই প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া যাবে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি যেমন কমবে, তেমনই লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতাও বাড়বে।

    বিধায়ক সিদ্ধার্থ মজুমদার বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের সুবিধা ও পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই কালনা পৌরসভায় এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে নাগরিকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে, পাশাপাশি পৌর পরিষেবার কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হয়ে উঠবে। কালনা পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, পৌরমাতা রিণা ব্যানার্জি, পৌরসভার জনপ্রতিনিধি, আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ায় এখন ঘরে বসেই অনেক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা সম্ভব হবে, যা নাগরিক পরিষেবাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। স্থানীয় বাসিন্দা উজ্বল সাহা বলেন, “আমি আমার একটা ট্যাক্স জমা করতে এসে দেখলাম যে অনলাইন টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বভাবতই এটা আমাদের অনেকটাই উপকারে আসবে।” প্রশাসনের আশা, এই উদ্যোগের ফলে নাগরিকরা ঘরে বসেই সহজে বিভিন্ন পৌরকর ও পরিষেবার মূল্য পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে নগদ লেনদেনের ঝামেলা কমে পরিষেবা প্রদান ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি বৃদ্ধি পাবে, যা স্মার্ট ও আধুনিক পৌর প্রশাসন গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
  • Link to this news (News18 বাংলা)