• রেলের মেগা প্ল্যানে নতুন রূপ পাচ্ছে শিলিগুড়ি টাউন স্টেশন! ৩ কোটির এই প্রকল্পের কাজ শেষ হচ্ছে কবে
    News18 বাংলা | ০৭ জুন ২০২৬
  • : উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগের ইতিহাসে এক অনন্য নাম শিলিগুড়ি টাউন স্টেশন। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্টেশন শুধু রেল যোগাযোগের কেন্দ্রই ছিল না, বরং বহু জাতীয় নেতা, স্বাধীনতা সংগ্রামী ও মনীষীর পদচারণায় ধন্য এক স্মৃতিবিজড়িত ঠিকানা। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঘাযতীনের মতো ব্যক্তিত্বদের সফরের সাক্ষী এই স্টেশন আজও বহন করে চলেছে ইতিহাসের অমূল্য স্মৃতি।

    ১৮৮০ সালে ব্রিটিশ শাসনামলে নির্মিত স্টেশন ভবনটি দীর্ঘদিন ধরেই হেরিটেজ মর্যাদা পেলেও অবহেলা ও অযত্নের কারণে হারাতে বসেছিল তার অতীতের গৌরব। পুরনো স্টেশনের পাশে নতুন প্ল্যাটফর্ম নির্মিত হলেও ঐতিহাসিক ভবনটি বছরের পর বছর পড়ে ছিল আগাছায় ঢাকা ও ভগ্নদশাগ্রস্ত অবস্থায়। ভেঙে পড়ছিল দরজা-জানলা, জীর্ণ হয়ে উঠছিল স্মৃতিবাহী স্থাপত্য। স্থানীয় বাসিন্দা, ইতিহাসপ্রেমী এবং বিভিন্ন মহলের দীর্ঘদিনের দাবি ছিল এই ঐতিহ্যবাহী ভবনের সংরক্ষণ ও সংস্কারের। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েই ঐতিহাসিক স্থাপনাটিকে পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। ঐতিহ্যের স্বাদ অটুট রেখে আধুনিক সংরক্ষণ পদ্ধতিতে ভবনটির সংস্কার শুরু হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চলা এই প্রকল্পের মাধ্যমে স্টেশন ভবনের পুরনো স্থাপত্যশৈলী সংরক্ষণ করে তাকে নতুন রূপ দেওয়া হবে। সংস্কার সম্পূর্ণ হলে ভবনটি শুধু একটি রেল স্টেশন হিসেবেই নয়, বরং শিলিগুড়ির ঐতিহাসিক পরিচয়ের অন্যতম আকর্ষণ হিসেবেও আত্মপ্রকাশ করবে।

    সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা সংস্কার কাজ পরিদর্শন করেন। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ভবনটিকে তার ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে পূর্বের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। রেলের পক্ষ থেকে প্রকল্পের অগ্রগতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    রেলের আশা, সংস্কার সম্পূর্ণ হলে শিলিগুড়ির এই ঐতিহাসিক স্টেশন নতুন করে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। শুধু রেলযাত্রার স্মৃতি নয়, বাংলার ইতিহাস, স্বাধীনতা আন্দোলন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত দলিল হিসেবে শিলিগুড়ি টাউন স্টেশন আগামী প্রজন্মের কাছেও হয়ে উঠবে গর্বের উত্তরাধিকার।
  • Link to this news (News18 বাংলা)