• মোহনবাগানকে সাফল্য এনে দেওয়া মোলিনা মলিন, মেসি-হীন আর্জেন্টিনা বুঝিয়ে দিল পার্থক্যটা
    আজকাল | ০৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের ডাগআউট থেকে আর্জেন্টিনার মুখোমুখি। হোসে মোলিনার পক্ষেই একমাত্র সম্ভব।

    আইএসএলের দুনিয়ায় পরিচিত মুখ। এটিকে-কে চ্যাম্পিয়ন করা, মোহনবাগানকে আকাশছোঁয়া সাফল্য এনে দেওয়া। হোসে মোলিনা জাদুকাঠি ছুঁয়ে গিয়েছেন ভারতীয় ফুটবলে।

    সেই মোলিনা এখন হন্ডুরাস জাতীয় দলের কোচ। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল হন্ডুরাসের। ম্যাচটায় আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হার মানতে হয় মোলিনার হন্ডুরাসকে। লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে ৩৭ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। ৫৪ মিনিটে সিমিওনে ২-০ করে যান। ম্যাচটা আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ হলেও এই বঙ্গে ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মোলিনার জন্যই। আর দেখার ছিল লিও মেসিকে কীভাবে আটকান তিনি। মেসি মাঠের বাইরে বসে দলের জয় দেখলেন।

    ভারতীয় ফুটবলের পরিচিত মুখ মোলিনা নতুন এক চ্যালেঞ্জ নিয়ে গিয়েছেন হন্ডুরাসে। তাঁর লড়াই আর ক্লাবভিত্তিক নয়। আন্তর্জাতিক ফুটবলের পাওয়ারহাউজদের মুখোমুখি হওয়া।

    ২০১৬ সালে এটিকে-র প্রধান কোচ হিসেবে ভারতে এসে দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন।

    স্পেনে ফিরে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন।

    মোহনবাগানের কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটে ভারতে। প্রথম মরশুমেই আইএসএল লিগ উইনার্স শিল্ড ও আইএসএল কাপ জিতিয়ে প্রশংসিত হন মোলিনা। কিন্তু সুপার কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর তাঁকে ছাড়তে হয় মোহনবাগান। শুরু হয় অন্য এক দায়িত্ব। চলতি বছরের ফেব্রুয়ারিতে হন্ডুরাস জাতীয় দলের প্রধান কোচ হন মোলিনা। তাঁর অধীনে দলের প্রথম ম্যাচে মার্চে পেরুর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে হন্ডুরাস। আন্তর্জাতিক মঞ্চে হন্ডুরাসকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ।
  • Link to this news (আজকাল)