নার্সিংহোমে ছুটে গেলেন শঙ্কর ঘোষ! কাজ কাটছাঁট করেই...‘গুরু’ অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা ‘শিষ্যর’
News18 বাংলা | ০৭ জুন ২০২৬
শনিবার রাতেই নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছেন প্রবীণ বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য৷ তাঁর অসুস্থতার খবর পাওয়া মাত্রই কলকাতা থেকে ফিরেই ব্যস্ত সময়ে কাটছাঁট করে নার্সিংহোমে ছুটলেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। আহত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে দেখতে গেলেন তিনি। নার্সিংহোম থেকেই প্রবীণ নেতার সঙ্গে ফোনে কথা বলান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ফোনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। দ্রুত সুস্থতা কামনা করেন।
শনিবার রাতেই প্রবীণ বামপন্থী নেতার পড়ে যাওয়ার খবর সামনে আসায় উদ্বেগ ছড়ায় রাজ্যের রাজনৈতিক মহলে৷ জানা যায়, বাড়িতেই দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর৷ পড়েছে বেশ কয়েকটি সেলাই৷ ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবার সূত্রে জানা যায়, পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে অশোক ভট্টাচার্যের। আঘাতের জেরে অনেকটা রক্তক্ষরণও হয় বলে খবর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং বিশেষ পর্যবেক্ষণে রাখেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অশোক ভট্টাচার্যের চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে৷ বয়সজনিত বিষয়টি মাথায় রেখে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে ও তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে৷ জ্যোতি বসুর জমানায় পশ্চিমবঙ্গের প্রাক্তন পুর ও নগরোন্নয়নমন্ত্রী৷ পরে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়েও এই দায়িত্ব সামলেছেন তিনি৷ টানা ১৫ বছর৷ পরপর চারবার শিলিগুড়ি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন।
আরও পড়ুন : অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তীর টাকা চলে যেতে বিহারের বেগুসরাইয়ে! কোন অ্যাকাউন্টে, কেন যেত টাকা? ঘনাচ্ছে রহস্য
২০১৫ সালে তৃণমূলের জমানাতেও শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে তাঁরই নেতৃত্বে জয়ী হয় বামফ্রন্ট৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হলেও ২০২১ সালে নিজেরই হাতে তৈরি করা নেতা, তখন বিজেপির প্রার্থী, শঙ্কর ঘোষের কাছে পরাজিত হন৷ রাজনৈতিক মহলে শঙ্কর ঘোষ অশোক ভট্টাচার্যের অনুগত ‘শিষ্য়’ হিসাবেই পরিচিত ছিলেন৷ ২০২১ সালের আগে তিনি সিপিএম থেকে বিজেপি-তে যোগ দেন৷